শীত মানেই বাজারে টাটকা ফুলকপির ছড়াছড়ি। কখনও ফুলকপির রসা, কখনও ভাজা, আবার কখনও ডালনা—নানা পদেই এই সবজির ব্যবহার হয়। কিন্তু ফুলকপি কাটার সময় বেশিরভাগ মানুষই ডাঁটাগুলো ফেলে দেন। এবার থেকে সেই অভ্যাস বদলে ফেলুন। ফুলকপির ডাঁটা দিয়েই বানিয়ে ফেলুন একদিকে গরম ভাতের সঙ্গী ঝাল ভর্তা, অন্যদিকে বিকেলের চায়ের জমজমাট সঙ্গী পকোড়া।
![]()
প্রথমেই বানিয়ে ফেলুন ফুলকপির ডাঁটার ঝাল ভর্তা
ভর্তা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে থাকা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর কয়েকটি মশলা দিয়েই তৈরি হবে দারুণ স্বাদের এই পদ।
যে যে উপকরণ লাগবে:
- ফুলকপির কচি ডাঁটা ৮-৯টি
- হলুদ গুঁড়ো ১ চা চামচ
- কালোজিরে আধ চা চামচ
- পেঁয়াজ কুচি ২টি
- রসুন ৫-৬ কোয়া
- শুকনো লঙ্কা স্বাদমতো
- ধনেপাতা সামান্য
- কাঁচালঙ্কা ২-৩টি
- সাদা তেল ও সর্ষের তেল
- নুন স্বাদমতো
![]()
কীভাবে তৈরি করবেন ভর্তা?
প্রথমে ফুলকপির ডাঁটাগুলি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ডাঁটা শক্ত হলে বাইরের আঁশযুক্ত অংশ ছাড়িয়ে নেবেন।এবার একটি পাত্রে সামান্য জল ও নুন দিয়ে ডাঁটাগুলি ভাপিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে অতিরিক্ত জল ঝরিয়ে রাখুন।এরপর কড়াইয়ে সামান্য সাদা তেল গরম করে অর্ধেক করে কাটা রসুন হালকা ভেজে নিন। একই তেলে কালোজিরে, পেঁয়াজ কুচি ও শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার সেদ্ধ ডাঁটাগুলি দিয়ে দিন।এর মধ্যে হলুদ ও স্বাদমতো নুন মিশিয়ে প্রায় ৬-৭ মিনিট রান্না করুন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।ঠান্ডা হলে মিক্সারে একবার ঘুরিয়ে নিন। তবে একেবারে মিহি পেস্ট করবেন না, সামান্য দানাদার ভাব থাকলে ভর্তা খেতে বেশি ভালো লাগবে।সবশেষে কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে কালোজিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিন। তার মধ্যে তৈরি মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। উপর থেকে কাঁচালঙ্কা ও সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি গরম ভাতের সঙ্গে জমিয়ে খাওয়ার মতো ফুলকপির ডাঁটার ভর্তা।
এবার বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপির ডাঁটার পকোড়া
শুধু ভর্তা নয়, ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি করা যায় দুর্দান্ত পকোড়াও। বিকেলের চায়ের সঙ্গে গরম গরম এই পদ পরিবেশন করলে বাড়ির সবাই খুশি হবে।
পকোড়া বানাতে লাগবে:
- ফুলকপির ডাঁটা কুচি ১ কাপ
- বেসন ১ কাপ
- চালের গুঁড়ো ২-৩ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি ১টি
- হলুদ গুঁড়ো আধ চা চামচ
- লঙ্কার গুঁড়ো স্বাদমতো
- জিরে গুঁড়ো আধ চা চামচ
- ধনে গুঁড়ো সামান্য
- নুন স্বাদমতো
- জল ও ভাজার জন্য তেল
![]()
কীভাবে তৈরি করবেন পকোড়া?
প্রথমে ফুলকপির ডাঁটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিন। ডাঁটা শক্ত হলে কয়েক মিনিট ভাপিয়ে বা সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে পারেন।এবার একটি বড় পাত্রে বেসন ও চালের গুঁড়ো নিন। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো মেশান।এরপর ফুলকপির ডাঁটা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, গোলাটি যেন খুব পাতলা না হয়ে যায়।কড়াইয়ে তেল গরম করে চামচের সাহায্যে অল্প অল্প মিশ্রণ তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভাজুন। বাইরের অংশ সোনালি ও মুচমুচে হয়ে গেলে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন পছন্দের চাটনি বা সসের সঙ্গে।
![]()
শীতকালে ফুলকপি দিয়ে নানা পদ রান্না হলেও বেশিরভাগ বাড়িতেই ফুলকপির ডাঁটা ফেলে দেওয়া হয়। অথচ এই ডাঁটা দিয়েই তৈরি করা যায় সুস্বাদু ঝাল ঝাল ভর্তা এবং বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার মতো মুচমুচে পকোড়া। সামান্য কিছু মশলা ও ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই দুই পদ। রইল সহজ রেসিপি।












