আগস্টের ছুটিতে সিকিম বা দার্জিলিং যাওয়ার পরিকল্পনা রয়েছে? তাহলে যাত্রার আগে অবশ্যই নজর রাখুন NH-10-এর পরিস্থিতির দিকে। ২০ মাইল বারদাং এলাকায় রাস্তার মেরামতি ও নিরাপত্তাজনিত কাজের কারণে নির্দিষ্ট সময় ধরে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। ১১ অগাস্টের সিকিম পুলিশের রোড সিচুয়েশন রিপোর্টেও ওই অংশে রাস্তা অবরুদ্ধ থাকার কথা জানানো হয়েছে।
কখন খোলা থাকবে NH-10?
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই রুটে যান চলাচল স্বাভাবিক থাকবে। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফের যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে।দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত আবার যান চলাচল স্বাভাবিক করার কথা রয়েছে। এরপর দুপুর ২টো থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় দফায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে।বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফের রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আবারও যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিকল্প পথে যেতে হতে পারে
রাতের সময়ে NH-10-এর নির্দিষ্ট অংশে যান চলাচল নিয়ন্ত্রিত থাকায় প্রশাসনের তরফে প্রয়োজন অনুযায়ী গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে রাতের যাত্রা করলে পর্যটকদের অতিরিক্ত সময় হাতে রাখা উচিত।সিকিম পুলিশের রিপোর্ট অনুযায়ী, রংপো থেকে শিলিগুড়ি পর্যন্ত NH-10-এর বেশিরভাগ অংশ বর্তমানে পরিষ্কার রয়েছে। তবে ২০ মাইল বারদাং এলাকায় রাস্তার কাজের কারণে সমস্যা রয়েছে। ওই পরিস্থিতিতে দুগা-সাওয়ানে হয়ে বিকল্প পথটি চলাচলের উপযোগী বলে জানানো হয়েছে।
সিকিমের আরও কয়েকটি রাস্তায় বিধিনিষেধ
শুধু NH-10 নয়, সিকিমের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাতেও যান চলাচলে সমস্যা রয়েছে। মেল্লি ব্রিজের উপর যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি রয়েছে।নামচি জেলার রাভাংলা-ইয়াংইয়াং এবং ফংলা-বেরমইক রাস্তাও বেডঘারি এলাকায় অবরুদ্ধ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, মাঙ্গান জেলার চুমথাং-লাচেন রাস্তায় তারামচু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
পর্যটকদের জন্য কী পরামর্শ?
এই পরিস্থিতিতে শিলিগুড়ি থেকে সিকিম কিংবা সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার আগে রওনা হওয়ার সময়টি ভালোভাবে পরিকল্পনা করা জরুরি। বিশেষ করে নির্ধারিত বন্ধের সময়ের মধ্যে গাড়ি নিয়ে ওই এলাকায় পৌঁছে গেলে যাত্রায় বিলম্ব হতে পারে।তাই যাত্রার আগে সর্বশেষ রাস্তার পরিস্থিতি জেনে নেওয়া, হাতে অতিরিক্ত সময় রাখা এবং পথে কর্তব্যরত পুলিশ ও প্রশাসনের নির্দেশ মেনে চলাই নিরাপদ।
সিকিম ও দার্জিলিং যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ NH-10-এর ২০ মাইল বারদাং এলাকায় মেরামতির কাজ চলছে। নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময় অন্তর যান চলাচল নিয়ন্ত্রণ করবে প্রশাসন। ফলে পর্যটকদের যাত্রার আগে রাস্তার সময়সূচি জেনে নেওয়া জরুরি।












