গরম ভাত, ডাল আর এক থালা মুচমুচে পোস্তর বড়া—বাঙালির কাছে এই সাধারণ খাবারের স্বাদই আলাদা। বিশেষ করে ঘটি বাড়ির রান্নায় পোস্তর বড়ার জনপ্রিয়তা বহুদিনের। কিন্তু বাড়িতে এই পদ বানাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে বড়া ভেঙে যায়, আবার ভাজার পর কিছুক্ষণ রাখলেই হয়ে যায় নেতিয়ে। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললেই এই সমস্যা অনেকটা এড়ানো সম্ভব। পোস্তর সঙ্গে কোন গুঁড়ো মেশালে বড়া ভালোভাবে বাঁধবে? জেনে নিন রান্নার টুকিটাকি।
মিক্সিতে পোস্ত বাটার সময় সরাসরি জল দেবেন না
পোস্তর বড়ার স্বাদ ও গঠন অনেকটাই নির্ভর করে পোস্ত কীভাবে বাটা হচ্ছে তার উপর। আগে শিলনোড়ায় পোস্ত বাটার চল ছিল। এখন বেশিরভাগ বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা হয়।তবে মিক্সিতে পোস্ত বাটার সময় শুরুতেই জল ঢেলে দেবেন না। প্রথমে শুকনো পোস্ত মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এরপর একটি পাত্রে নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে মেখে নিন। এতে মিশ্রণ ঘন থাকবে। বেশি জল দিয়ে বাটলে পোস্তর মিশ্রণ পাতলা হয়ে যেতে পারে, ফলে বড়া তৈরি করতে অসুবিধা হয়।
পেঁয়াজ ও কাঁচালঙ্কা মেশান, নুন দিন একেবারে শেষে
পোস্ত বাটার সঙ্গে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং কাঁচালঙ্কা মিশিয়ে নিন। তবে নুন দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে।পেঁয়াজের সঙ্গে অনেক আগে নুন মিশিয়ে রাখলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসে। এতে পোস্তর মিশ্রণ পাতলা হয়ে যেতে পারে। তাই বড়া ভাজার ঠিক আগে মিশ্রণে নুন মেশানো ভালো। এতে মিশ্রণের ঘনত্ব বজায় রাখা সহজ হবে।
কোন গুঁড়ো মেশালে ভাঙবে না পোস্তর বড়া?
পোস্তর বড়া ভেঙে যাওয়ার অন্যতম কারণ হল মিশ্রণের সঠিক বাঁধুনি না থাকা। এই সমস্যা এড়াতে পোস্ত বাটার সঙ্গে অল্প পরিমাণে চালের গুঁড়ো, বেসন, ময়দা অথবা মুড়ির গুঁড়ো মেশাতে পারেন।এই উপাদানগুলি মিশ্রণকে কিছুটা ঘন ও বাঁধুনিযুক্ত করতে সাহায্য করে। ফলে তেলে ছাড়ার সময় বড়া সহজে ভেঙে যাওয়ার আশঙ্কা কমে। তবে একসঙ্গে সব উপাদান মেশানোর প্রয়োজন নেই। যে কোনও একটি অল্প পরিমাণে দিয়ে মিশ্রণের ঘনত্ব দেখে নিন।
বেশি মুচমুচে করতে ব্যবহার করুন মুড়ির গুঁড়ো
বাইরে থেকে পোস্তর বড়া মুচমুচে করতে চাইলে মুড়ির গুঁড়ো বেশ কাজে আসতে পারে। সামান্য মুড়ি শুকনো অবস্থায় গুঁড়ো করে পোস্তর মিশ্রণে মিশিয়ে দিন।এতে মিশ্রণের অতিরিক্ত আর্দ্রতা কিছুটা সামলানো যায় এবং বড়ার বাইরের অংশে মুচমুচে ভাব আসতে সাহায্য করে। মিশ্রণ বেশি পাতলা হয়ে গেলেও অল্প মুড়ির গুঁড়ো দিয়ে ঘনত্ব ঠিক করা যায়। তবে বেশি মুড়ির গুঁড়ো দিলে বড়ার স্বাভাবিক স্বাদ ও নরম ভাব বদলে যেতে পারে।
সর্ষের তেলে মাঝারি আঁচে ভাজুন
পোস্তর বড়ার স্বাদ বাড়াতে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। প্রথমে তেল ভালো করে গরম করে আঁচ মাঝারি করে নিন। এরপর হাত বা চামচের সাহায্যে ছোট ছোট গোল আকারে পোস্তর মিশ্রণ তেলে ছাড়ুন।বড়াগুলি তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টে দেবেন না। অন্তত ১ থেকে ২ মিনিট অপেক্ষা করুন। নীচের দিকটা শক্ত হয়ে হালকা সোনালি রং ধরলে আলতো করে উল্টে দিন। খুব বেশি আঁচে ভাজলে বাইরের অংশ দ্রুত পুড়ে যেতে পারে, অথচ ভিতরটা ঠিকমতো সেদ্ধ হবে না। তাই মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজাই ভালো।
বাঙালির ঘটি রান্নায় পোস্তর বড়া এক বিশেষ পদ। কিন্তু বাড়িতে বানাতে গিয়ে অনেক সময় বড়া তেলে ভেঙে যায়, আবার ভাজার কিছুক্ষণ পরেই নরম হয়ে পড়ে। পোস্ত বাটার সঙ্গে অল্প চালের গুঁড়ো, বেসন কিংবা মুড়ির গুঁড়ো মেশালে বড়ার বাঁধুনি ভালো হয়। পাশাপাশি পোস্ত বাটা, নুন মেশানো এবং ভাজার সঠিক পদ্ধতি জানলে বাইরেটা হবে মুচমুচে, ভিতরটা থাকবে নরম।












