বাইরে বেরিয়ে বাতাস পরিষ্কার না দূষিত, তা শুধু চোখে দেখে বোঝার উপায় নেই। অনেক সময় বাতাস স্বাভাবিক মনে হলেও তাতে ক্ষতিকর সূক্ষ্ম ধূলিকণা ও দূষক থাকতে পারে। বিশেষ করে শীতের মরশুমে বিভিন্ন শহরে দূষণের মাত্রা বাড়লে এই সমস্যা আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তাই বাড়ি থেকে বেরনোর আগে নিজের এলাকার AQI দেখে নেওয়া হতে পারে সচেতন থাকার সহজ উপায়। আর এই কাজটি করা যায় হাতের স্মার্টফোন দিয়েই।
CPCB-র SAMEER অ্যাপে মিলবে এলাকার AQI
ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা CPCB-এর তৈরি SAMEER অ্যাপ বায়ুর গুণমান জানার অন্যতম সরকারি মাধ্যম। Google Play Store অথবা Apple App Store থেকে অ্যাপটি ডাউনলোড করা যায়।অ্যাপটি খুলে নিজের শহর বা লোকেশন নির্বাচন করলেই আশপাশের এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশনগুলির তথ্য দেখতে পারবেন। শুধু AQI নয়, বাতাসে PM2.5 এবং PM10-এর মতো ক্ষতিকর কণার মাত্রাও জানা যায়। ফলে দূষণের পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব।
অ্যাপ ইনস্টল না করেও CPCB-র ওয়েবসাইটে পরীক্ষা করুন
ফোনে নতুন অ্যাপ ডাউনলোড করতে না চাইলে সরাসরি CPCB-র ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটে গিয়ে নিজের শহর বা এলাকার নাম নির্বাচন করলেই বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের বায়ুর গুণমান সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।একাধিক মনিটরিং স্টেশনের তথ্য দেখে নিজের এলাকার কাছাকাছি কোন জায়গায় দূষণের মাত্রা কতটা, তা সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
Google Maps-এর Air Quality ফিচার ব্যবহার করুন
Google Maps-এর মাধ্যমেও নির্দিষ্ট এলাকার বায়ুর গুণমান সম্পর্কে জানা সম্ভব। এর জন্য প্রথমে স্মার্টফোনে Google Maps খুলুন। এরপর উপরে থাকা Layers অপশনে ট্যাপ করুন।সেখানে Air Quality লেয়ারটি নির্বাচন করলে ম্যাপে বিভিন্ন এলাকার বায়ুর গুণমান সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। বাইরে বেরনোর আগে নিজের গন্তব্য বা আশপাশের এলাকার পরিস্থিতি যাচাই করতে এই ফিচার কাজে আসতে পারে। তবে সব এলাকায় এই সুবিধা বা তথ্য সমানভাবে পাওয়া নাও যেতে পারে।
IQAir অ্যাপ বা ওয়েবসাইটেও মিলবে দূষণের তথ্য
বায়ুদূষণ সম্পর্কে বিস্তারিত জানতে IQAir ব্যবহার করতে পারেন। অ্যাপ অথবা ওয়েবসাইটে গিয়ে নিজের শহরের নাম লিখে সার্চ করলেই সংশ্লিষ্ট এলাকার AQI এবং দূষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যায়।শুধু বর্তমান পরিস্থিতি নয়, বিভিন্ন এলাকার বায়ুর গুণমানের তুলনা করতেও এই প্ল্যাটফর্ম সাহায্য করতে পারে।
AQI.in-এ শহরের নাম লিখেই জানুন বাতাসের অবস্থা
AQI.in-ও বায়ুর গুণমান পরীক্ষা করার একটি সহজ মাধ্যম। ওয়েবসাইটে প্রবেশ করে নিজের শহর বা এলাকার নাম লিখে সার্চ করলেই AQI সংক্রান্ত তথ্য পাওয়া যায়। বিভিন্ন জায়গার দূষণের মাত্রা তুলনা করে দেখার সুবিধাও রয়েছে।তবে মনে রাখবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্যের উৎস, আপডেটের সময় এবং পরিমাপের পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে। তাই সম্ভব হলে সরকারি CPCB-র তথ্যের সঙ্গে অন্য প্ল্যাটফর্মের ফল মিলিয়ে দেখা ভালো।
AQI-এর কত নম্বর হলে বাতাস কতটা দূষিত?
ভারতে ব্যবহৃত AQI সূচক অনুযায়ী বাতাসের গুণমানকে ছয়টি ভাগে ভাগ করা হয়। সংখ্যার মান যত কম, সাধারণত বাতাসের গুণমান তত ভালো।
AQI-এর মাত্রা বাতাসের গুণমান
০–৫০ ভালো
৫১–১০০ সন্তোষজনক
১০১–২০০ মাঝারি
২০১–৩০০ খারাপ
৩০১–৪০০ খুব খারাপ
৪০১–৫০০ গুরুতর
AQI বেশি থাকলে কী কী সতর্কতা নেবেন?
আপনার এলাকার AQI বেশি থাকলে অকারণে দীর্ঘক্ষণ বাইরে থাকা এড়িয়ে চলুন। বিশেষ করে শিশু, প্রবীণ ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।দূষণের মাত্রা বেশি থাকলে বাইরে শরীরচর্চা বা দৌড়নোর মতো পরিশ্রমসাধ্য কাজ কমানো ভালো। প্রয়োজন হলে ভালো মানের, সঠিকভাবে ফিট করা N95 মাস্ক ব্যবহার করতে পারেন। পাশাপাশি AQI নিয়মিত পরীক্ষা করুন, কারণ দিনের বিভিন্ন সময়ে দূষণের মাত্রা বদলাতে পারে।
বায়ুদূষণ বাড়ার সঙ্গে সঙ্গে নিজের এলাকার বাতাস কতটা নিরাপদ, তা জানা জরুরি হয়ে উঠেছে। তবে AQI বা Air Quality Index পরীক্ষা করার জন্য আলাদা কোনও যন্ত্রের প্রয়োজন নেই। স্মার্টফোনে CPCB-র SAMEER অ্যাপ, Google Maps, IQAir এবং AQI.in ব্যবহার করেই সহজে বাতাসের গুণমান জানতে পারবেন। জেনে নিন কোন অ্যাপে কীভাবে পরীক্ষা করবেন এবং AQI-এর সংখ্যার অর্থ কী।









