ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, প্রথম শ্রেণিতে বিদেশি শিক্ষার্থী ৩০ শতাংশে সীমাবদ্ধ

ইতালির সংসদ নতুন শিক্ষা আইন অনুমোদন করেছে। স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করা হবে এবং প্রথম শ্রেণিতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ রাখার বিধান করা হয়েছে।
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, প্রথম শ্রেণিতে বিদেশি শিক্ষার্থী ৩০ শতাংশে সীমাবদ্ধ

ইতালির সংসদ নতুন শিক্ষা আইন অনুমোদন করেছে। এই আইনের আওতায় স্কুলে বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং প্রথম শ্রেণিতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার স্কুলশিক্ষা সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে। সংসদের অনুমোদনের পর স্কুলে মুখ ঢেকে রাখে এমন বোরকা ও নিকাব পরার অনুমতি থাকবে না। পাশাপাশি, প্রথম শ্রেণিতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ রাখার বিধান করা হয়েছে। বিরোধী দলগুলি সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছে।

ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজে নতুন শিক্ষা আইনের পক্ষে ১৪২ জন সংসদ সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১১২ জন। চারজন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর সেনেটেও আইনটি অনুমোদিত হয়েছিল।

এই শিক্ষা আইনটি ‘ডেক্রেতো স্কুওলা’ (Decreto Scuola) নামে পরিচিত। এটি ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর ডিক্রি-ল ১৭০-এর অংশ।

আইনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ পরিচালনা, বিদেশি শিক্ষার্থীদের স্থানীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা এবং ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান (PNRR)-এর অধীনে শুরু হওয়া প্রকল্পগুলির সঙ্গে সম্পর্কিত বিধানও অন্তর্ভুক্ত রয়েছে।

বিদেশি বংশোদ্ভূত সব শিক্ষার্থীকে ৩০ শতাংশের সীমার আওতায় রাখা হবে না। নতুন নিয়ম অনুযায়ী, যেসব শিক্ষার্থী ইতালীয় ভাষায় যথেষ্ট দক্ষ, তাদের ক্ষেত্রে এই সংখ্যাগত সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না।

এছাড়া, বিদেশি অভিভাবকদের জন্য ভাষা প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। যেসব শিশু ইতালির শিক্ষাব্যবস্থা ও স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালু করা হবে।

ইতালির স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নতুন নয়। ২০১০ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী মারিয়াস্তেলা গেলমিনি একটি সার্কুলার জারি করেছিলেন। সেই সার্কুলারেও স্কুলে অ-ইতালীয় শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছিল।

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, প্রথম শ্রেণিতে বিদেশি শিক্ষার্থী ৩০ শতাংশে সীমাবদ্ধ

তবে দেশের বিভিন্ন অঞ্চলে এই নিয়ম কার্যকর করা সহজ হয়নি। বিশেষত বড় শহরগুলির প্রান্তবর্তী এলাকায় বিদেশি বংশোদ্ভূত পরিবারের জনসংখ্যা এবং স্থানীয় জনতাত্ত্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত সীমা কার্যকর করতে সমস্যা হয়েছিল।

স্কুলে মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সিদ্ধান্ত নিয়ে সংসদে বিরোধী দলগুলি আপত্তি জানিয়েছে।

তাদের বক্তব্য, শিক্ষাব্যবস্থায় এ ধরনের নিষেধাজ্ঞা বৈষম্যকে উৎসাহিত করে। নিম্নকক্ষে আইনটির চূড়ান্ত ভোটাভুটির সময় বিরোধী সংসদ সদস্যরা প্রতিবাদও করেন। সেই সময় তাঁরা একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যাতে লেখা ছিল, ‘স্কুলে কেউ বিদেশি নয়।’

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চলতি বছরের শুরুতেই শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনগুলি আনার জন্য আইন প্রণয়নের ঘোষণা করেছিলেন। তাঁর দল ব্রাদার্স অফ ইতালির যুব সংগঠন জিওভেনতু নাজিওনালে-এর একটি সমাবেশে তিনি প্রস্তাবিত নিয়মগুলির পক্ষে বক্তব্য রাখেন।

মেলোনির বক্তব্য ছিল, এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় যেখানে ইতালীয় শিশুরা নিজেদের দেশের স্কুলে সংখ্যালঘু হওয়ার কারণে বিচ্ছিন্ন বোধ করে। বিদেশি বংশোদ্ভূত শিশু ও তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দিয়েছিলেন।

 

Leave a comment