মন্দিরময় কালনার মুকুটে এবার জুড়তে চলেছে আরও এক বড় আকর্ষণ। শহরে প্রস্তাবিত ১৩১ ফুট উচ্চতার বিশাল শিবলিঙ্গকে ঘিরে তৈরি হতে পারে নতুন ধর্মীয় পর্যটনকেন্দ্র। শুধু মন্দির বা শিবলিঙ্গ নির্মাণ নয়, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিল্প গড়ার পরিকল্পনাও সামনে এসেছে।
কালনায় ১৩১ ফুটের শিবলিঙ্গ তৈরির পরিকল্পনা
পূর্ব বর্ধমানের কালনার এক্রোপিয়ারের রাইস মিলের মাঠে প্রস্তাবিত এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত পালের আমন্ত্রণে সেখানে পৌঁছে প্রস্তাবিত নির্মাণস্থল ঘুরে দেখেন কার্তিক মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার-সহ আরও অনেকে।
১২১ ফুট থেকে এবার লক্ষ্য ১৩১ ফুট
উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ১২১ ফুট উচ্চতার শিবলিঙ্গ তৈরির কথা ভাবা হয়েছিল। পরে ১২৬ ফুট উচ্চতার শিবলিঙ্গ তৈরির দাবি সামনে আসে। এবার সেই উচ্চতাকেও ছাপিয়ে ১৩১ ফুটের শিবলিঙ্গ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।শুধু বিশাল শিবলিঙ্গ নয়, তার সঙ্গে একটি বড় মন্দির তৈরিরও পরিকল্পনা রয়েছে। পরিদর্শনের সময় শিবলিঙ্গ ও মন্দিরের অবস্থান এবং নির্মাণের বিভিন্ন দিক নিয়েও কার্তিক মহারাজ পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।
ধর্মীয় পর্যটনে নতুন আকর্ষণ হতে পারে কালনা
কালনা এমনিতেই তার মন্দির ও ধর্মীয় ঐতিহ্যের জন্য পরিচিত। উদ্যোক্তা সুব্রত পালের বক্তব্য, শহরের পর্যটন আকর্ষণ আরও বাড়াতেই এই উদ্যোগ। দীর্ঘদিন ধরে প্রকল্পটির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন করা যায়নি বলে তাঁর দাবি।বর্তমানে মন্দিরের নকশা তৈরির কাজ চলছে। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে কার্তিক মহারাজের সঙ্গে আরও আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শিবলিঙ্গের পাশাপাশি জুট-টেক্সটাইল মিলের ভাবনা
এই উদ্যোগের সঙ্গে আরও একটি বড় পরিকল্পনার কথা সামনে এসেছে। কালনায় একটি বড় জুট-টেক্সটাইল মিল তৈরির চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন সুব্রত পাল।সরকারের সঙ্গে আলোচনা করে এই শিল্প প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে। মিল তৈরি হলে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও আশাপ্রকাশ করেছেন উদ্যোক্তা।
কালনার পর্যটন ও অর্থনীতিতে কতটা বদল আনবে?
একদিকে ১৩১ ফুটের বিশাল শিবলিঙ্গ ও মন্দির, অন্যদিকে জুট-টেক্সটাইল শিল্প—দুই পরিকল্পনাকে ঘিরেই এখন নজর কালনার দিকে। প্রকল্প বাস্তবায়িত হলে ধর্মীয় পর্যটকদের আকর্ষণ বাড়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
পূর্ব বর্ধমানের কালনায় ১৩১ ফুট উচ্চতার বিশাল শিবলিঙ্গ তৈরির পরিকল্পনা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন কার্তিক মহারাজ। শিবলিঙ্গের পাশাপাশি মন্দির এবং এলাকায় জুট-টেক্সটাইল মিল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা।










