ইংরেজি নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসী ও পর্যটকদের জন্য সুখবর। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাতায়াত এবার আরও দ্রুত ও আরামদায়ক হতে চলেছে। বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ঘোষণা করল রেলমন্ত্রক। কলকাতা–গুয়াহাটি রুটে চলবে এই ট্রেন, যার গুরুত্বপূর্ণ স্টপেজ হবে নিউ জলপাইগুড়ি (NJP)।
১৫–২০ দিনের মধ্যেই পরিষেবা চালুর ইঙ্গিত
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই বন্দে ভারত স্লিপার পরিষেবা চালু হতে পারে। সব ঠিকঠাক থাকলে ১৮ বা ১৯ জানুয়ারি উদ্বোধন হতে পারে এই ট্রেনের। জানুয়ারির দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে রেল সূত্রে খবর।
১৬ কোচের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন
কলকাতা–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এর মধ্যে—
১১টি থ্রি টিয়ার
৪টি টু টিয়ার
১টি ফার্স্ট ক্লাস কোচ
পুরো ট্রেনই হবে এসি। যাত্রী সুরক্ষার জন্য থাকছে কবচ সিস্টেম ও ইমার্জেন্সি টক-ব্যাক ব্যবস্থা।
কোন কোন রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার?
হাওড়া থেকে যাত্রা শুরু করে ট্রেনটি যাবে—
হাওড়া → ব্যান্ডেল → কাটোয়া → মালদা টাউন → নিউ জলপাইগুড়ি (NJP) → নিউ কোচবিহার → নিউ বঙ্গাইগাঁও → গুয়াহাটি।
এই ট্রেনের মাধ্যমে যুক্ত হবে—
পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এবং অসমের বঙ্গাইগাঁও ও কামরূপ মেট্রোপলিটন জেলা।
রাতের যাত্রা, সকালের গন্তব্য—পর্যটকদের বাড়তি সুবিধা
রেলমন্ত্রী জানিয়েছেন, সন্ধ্যাবেলা কলকাতা থেকে ট্রেন ছেড়ে সকালে গন্তব্যে পৌঁছনোর মতো করেই সময়সূচি ঠিক করা হচ্ছে। ফলে কর্মজীবী মানুষ থেকে শুরু করে উত্তরবঙ্গগামী পর্যটকদের জন্য সময় ও ক্লান্তি—দুটোই বাঁচবে।
নতুন বছরে বাংলার জন্য বড় উপহার রেলমন্ত্রকের। কলকাতা–গুয়াহাটির মধ্যে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনেই রাতের যাত্রায় সকালবেলা নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে। আগামী ১৫–২০ দিনের মধ্যেই পরিষেবা শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।











