একদিন যে মানুষটি আপনার জীবনের কেন্দ্রবিন্দু ছিল, সম্পর্ক ভাঙার পর তাকে হঠাৎ করে ভুলে যাওয়া সহজ নয়। ফোন নম্বর মুছে ফেলা, সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করা—সব কিছু করলেও মনের ভেতরের স্মৃতি থেকে যায়। মনোবিজ্ঞানীদের মতে, প্রেমের সঙ্গে জড়িত হরমোন এবং মস্তিষ্কের কার্যকলাপের কারণেই এই অনুভূতি দীর্ঘদিন ধরে থাকে।
প্রেমে সক্রিয় হয় মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’
খ্যাতনামা অ্যানথ্রোপোলজিস্ট হেলেন ফিশার-এর একটি গবেষণায় দেখা যায়, প্রেম মানুষের মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’ সক্রিয় করে। ২০০৫ সালের একটি fMRI গবেষণায় প্রমাণ মেলে যে প্রেমে পড়লে মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন এবং নরএপিনেফ্রিনের মতো হরমোন নিঃসৃত হয়। এগুলি মানুষকে আনন্দ, আকর্ষণ ও আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত করে।
কেন ব্রেক-আপ এত কষ্ট দেয়
এই হরমোনগুলিই মূলত প্রেমকে অনেকটা আসক্তির মতো অনুভূতি তৈরি করে। তাই যখন সম্পর্ক ভেঙে যায়, তখন মস্তিষ্ক সেই আনন্দের অনুভূতি থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মনোবিজ্ঞানীরা এটিকে অনেক সময় ‘ইমোশনাল উইথড্রয়াল’ বলে থাকেন। অনেকটা যেমন দীর্ঘদিনের কোনো নেশা হঠাৎ ছেড়ে দিলে যে মানসিক অস্থিরতা তৈরি হয়।
প্রাক্তনের স্মৃতি মুছতে কত সময় লাগে
সামাজিক মনোবিজ্ঞানের গবেষণা অনুযায়ী, প্রাক্তনের প্রতি আবেগ সম্পূর্ণভাবে কমতে বেশ দীর্ঘ সময় লাগে। একটি সমীক্ষা বলছে, প্রাক্তনের প্রতি আবেগের প্রায় ৫০ শতাংশ কমতে গড়ে চার বছর সময় লাগে। আর সম্পূর্ণভাবে সেই সম্পর্কের আবেগ থেকে বেরিয়ে আসতে প্রায় আট বছর পর্যন্ত সময় লাগতে পারে।
সম্পর্ক যত গভীর, সময় তত বেশি
গবেষকদের মতে, সম্পর্ক যত দীর্ঘদিনের এবং আবেগ যত গভীর হয়, ব্রেক-আপের পর সেই মানুষটিকে ভুলতে তত বেশি সময় লাগে। অনেক ক্ষেত্রে পুরনো স্মৃতি দীর্ঘদিন মনে রয়ে যায়, যদিও সময়ের সঙ্গে সঙ্গে তার প্রভাব ধীরে ধীরে কমে।
প্রাক্তনকে ভুলতে কী করলে উপকার হতে পারে
মনোবিজ্ঞানীরা কিছু সহজ উপায়ও জানিয়েছেন—
প্রাক্তনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা
নিজের জন্য সময় বের করা
নতুন অভ্যাস বা শখ শুরু করা
বন্ধু ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো
এই পদক্ষেপগুলি ধীরে ধীরে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
ভালবাসার সম্পর্ক ভেঙে যাওয়া মানসিকভাবে অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতা। অনেকেই মনে করেন ব্রেক-আপের পর দ্রুতই প্রাক্তনকে ভুলে যাওয়া সম্ভব। কিন্তু মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। গবেষণায় দেখা গেছে, প্রাক্তনের প্রতি আবেগ পুরোপুরি কাটতে কয়েক বছর সময় লাগতে পারে।








