Helpline Number: জমি নিয়ে সমস্যায় পড়েছেন? মিউটেশন আটকে রয়েছে, জমির রেকর্ড নিয়ে জটিলতা, জমি দখলের অভিযোগ কিংবা পরিষেবা পেতে গিয়ে বেআইনি অর্থ চাওয়ার মতো ঘটনা ঘটছে? এবার এমন সমস্যার কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন মালদহের মানুষ। ভূমি পরিষেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে জেলা প্রশাসন চালু করেছে বিশেষ ভূমি অভিযোগ নিয়ন্ত্রণ কক্ষ।
কোন নম্বরে ফোন করে অভিযোগ জানাবেন?
মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া এই হেল্পলাইনে কর্মদিবসে ফোন করে জমি সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।
হেল্পলাইন নম্বর:
০৩৫১২-২২০২০৭
৭৭১৯৩ ৬০২০১
ফোন করার সময়: কর্মদিবসে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
জমি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই নম্বরগুলিতে যোগাযোগ করে প্রশাসনের কাছে অভিযোগ জানানো যাবে।
কী কী অভিযোগ জানানো যাবে?
শুধু জমি দখলের অভিযোগ নয়, একাধিক ধরনের ভূমি সংক্রান্ত সমস্যা এই হেল্পলাইনের মাধ্যমে প্রশাসনের নজরে আনা যাবে। যেমন—
জমি দখলের অভিযোগ
বেআইনি অর্থদাবি
ভূমি পরিষেবায় দুর্নীতি
মিউটেশন সংক্রান্ত সমস্যা
জমি রূপান্তর বা কনভার্সন নিয়ে জটিলতা
জমির রেকর্ড সংক্রান্ত সমস্যা
পরিষেবা পেতে গিয়ে হয়রানি
ভূমি প্রশাসনে অনিয়ম বা অসদাচরণ
অর্থাৎ জমি সংক্রান্ত পরিষেবা নিতে গিয়ে কোনও সমস্যার মুখোমুখি হলে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে বিষয়টি জানাতে পারবেন।
দ্রুত অভিযোগ নিষ্পত্তিই মূল লক্ষ্য
জেলাশাসক রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, অভিযোগের দ্রুত নিষ্পত্তির পাশাপাশি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করাই এই নিয়ন্ত্রণ কক্ষ চালুর অন্যতম উদ্দেশ্য।বিশেষ করে গ্রামের মানুষ যাতে ভূমি সংক্রান্ত অনিয়মের বিষয়ে সহজে প্রশাসনের দ্বারস্থ হতে পারেন, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের ব্যবধান কমিয়ে ভূমি পরিষেবায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই ব্যবস্থা।
ইতিমধ্যেই বহু মিউটেশন মামলা নিষ্পত্তি
জেলা প্রশাসনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক ১০ দিনের মধ্যে ২৯ হাজার ১৫৪টি মিউটেশন মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি ৫৩৪টি জমি রূপান্তরের মামলাও মিটিয়ে ফেলা হয়েছে।এর পাশাপাশি অবৈধ খনন, অনুমোদন ছাড়া ক্ষুদ্র খনিজ উত্তোলন এবং বেআইনি মজুতের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে।
অবৈধ খননে ১ কোটির বেশি টাকা আদায়
প্রশাসনের অভিযানে রয়্যালটি, জরিমানা এবং অন্যান্য বিধিবদ্ধ পাওনা বাবদ মোট ১ কোটি ৬ লক্ষ টাকা আদায় হয়েছে বলে জানা গিয়েছে।অভিযানে জব্দ করা সামগ্রীর ক্ষেত্রেও ই-নিলামের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে ভূমি ও ক্ষুদ্র খনিজ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধেও প্রশাসনের নজরদারি বাড়ানো হচ্ছে।
উদ্যোগকে স্বাগত বিধায়কের
জেলা প্রশাসনের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি। তাঁর মতে, এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।ভূমি পরিষেবায় স্বচ্ছতা বাড়ানোর ক্ষেত্রেও এই হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
জমি সংক্রান্ত দুর্নীতি, বেআইনি অর্থদাবি, দখল, মিউটেশন কিংবা জমির রেকর্ড নিয়ে হয়রানির অভিযোগ এবার সরাসরি জেলা প্রশাসনের কাছে জানাতে পারবেন মালদহের বাসিন্দারা। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ভূমি অভিযোগ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে মালদহ জেলা প্রশাসন। কর্মদিবসে নির্দিষ্ট সময়ে দুটি ফোন নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।











