চাকরিজীবন শেষ মানেই আয়ের রাস্তা বন্ধ—এই ধারণা বদলে দিয়েছে এনপিএস। নিয়মিত সঞ্চয় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জোরে অবসরের পরে মোটা অঙ্কের এককালীন টাকা ও মাসিক পেনশন পাওয়া সম্ভব। কিন্তু ৫০,০০০ টাকা মাসিক পেনশন পেতে হলে ঠিক কত টাকা জমাতে হবে? সেই অঙ্কই এবার সামনে এল।

এনপিএস কীভাবে কাজ করে?
ন্যাশনাল পেনশন সিস্টেম একটি দীর্ঘমেয়াদি অবসরকালীন সঞ্চয় প্রকল্প। কর্মজীবনে নিয়মিত বিনিয়োগের মাধ্যমে একটি বড় কর্পাস তৈরি হয়।
অবসরের বয়সে (৬০ বছর) মোট ফান্ডের একটি অংশ এককালীন তোলা যায়, আর বাকি অংশ দিয়ে অ্যানিউনিটি কিনে মাসিক পেনশন পাওয়া হয়।
অবসরের পরে কত টাকা তোলা যায়?
বর্তমান নিয়ম অনুযায়ী—
মোট ফান্ডের ৮০% পর্যন্ত এককালীন তোলা যায়
বাকি ২০% টাকা দিয়ে অ্যানিউনিটি কিনতে হয়, যেখান থেকে মাসিক পেনশন আসে
এই অ্যানিউনিটির সুদের হার সাধারণত ৫–৬ শতাংশ ধরা হয়।

৫০,০০০ টাকা মাসিক পেনশনের অঙ্ক
মাসে ৫০,০০০ টাকা মানে বছরে পেনশন দরকার—
৫০,০০০ × ১২ = ৬,০০,০০০ টাকা
যদি অ্যানিউনিটির সুদের হার ধরা হয় ৬%, তাহলে—
প্রয়োজনীয় অ্যানিউনিটি ফান্ড = ৬,০০,০০০ ÷ ৬%
অর্থাৎ প্রায় ১ কোটি টাকা
শুধু পেনশন পাওয়ার জন্যই অবসরের সময় অ্যানিউনিটিতে থাকতে হবে অন্তত ১ কোটি টাকা।

তাহলে মোট ফান্ড কত দরকার?
যেহেতু অ্যানিউনিটির জন্য মোট ফান্ডের ২০% রাখতে হয়, সেক্ষেত্রে—
২০% = ১ কোটি টাকা
মোট এনপিএস কর্পাস ≈ ৫ কোটি টাকা
অর্থাৎ অবসরের সময় যদি আপনার এনপিএস ফান্ড ৫ কোটি হয়, তাহলে—
৪ কোটি টাকা এককালীন তুলতে পারবেন
১ কোটি টাকা থেকে মাসে ৫০,০০০ টাকা পেনশন পাবেন
৩০ বছর বয়সে শুরু করলে কত বিনিয়োগ দরকার?
যদি কেউ ৩০ বছর বয়সে এনপিএসে বিনিয়োগ শুরু করেন এবং গড়ে ১০% রিটার্ন ধরা হয়—
মাসে আনুমানিক ১৪,০০০–১৫,০০০ টাকা বিনিয়োগ করলেই
৬০ বছরে পৌঁছে ৫ কোটি টাকার কাছাকাছি ফান্ড তৈরি হতে পারে
৩৫ বছর বয়সে শুরু করলে হিসাব বদলাবে
বয়স বাড়লে বিনিয়োগের চাপও বাড়ে—
৩৫ বছর বয়সে শুরু করলে
মাসে প্রায় ২৪,০০০–২৫,০০০ টাকা বিনিয়োগ দরকার
অনেক ক্ষেত্রে নিরাপদ হিসেবে ৩৫,০০০–৩৮,০০০ টাকা মাসিক বিনিয়োগের কথাও বলা হচ্ছে

এনপিএস কেন অবসর পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ?
দীর্ঘমেয়াদি বিনিয়োগে শক্তিশালী কম্পাউন্ডিং
করছাড়ের সুবিধা
অবসরের পরে এককালীন টাকা + নিশ্চিত মাসিক পেনশন
সরকার-সমর্থিত নিরাপদ স্কিম

অবসরের পরে নিশ্চিত মাসিক আয়ের স্বপ্ন দেখেন অনেকেই। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) সেই স্বপ্ন পূরণের অন্যতম ভরসা। ঠিক পরিকল্পনা ও নিয়মিত বিনিয়োগ করলে অবসরের পর মাসে ৫০,০০০ টাকা পেনশন এবং এককালীন কোটি টাকার ফান্ড পাওয়া সম্ভব। তবে তার জন্য কত বয়সে কত টাকা বিনিয়োগ দরকার—জানুন সহজ অঙ্কে।











