ভোটার তালিকা ঘিরে রাজ্যে নতুন চাঞ্চল্য। SIR হিয়ারিং শেষ হতেই সামনে এল বড় সংখ্যা। শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, চূড়ান্ত তালিকা থেকে অন্তত ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ পড়তে চলেছে। ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। ফলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

কারা বাদ পড়ছেন? হিয়ারিংয়ে অনুপস্থিত ও ‘ইনএলিজিবল’ ভোটার
সিইও-র দেওয়া হিসেব অনুযায়ী, দু’টি বড় কারণে এই ৬ লক্ষ ৬১ হাজার নাম বাদ যাচ্ছে।প্রথমত, যাঁদের কাছে নোটিস গিয়েছিল কিন্তু তাঁরা হিয়ারিংয়ে হাজির হননি— এমন ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৯৮ হাজার।দ্বিতীয়ত, নথি খতিয়ে দেখার পর মাইক্রো অবজ়ার্ভাররা যাঁদের ‘Ineligible’ তকমা দিয়ে কমিশনের কাছে পাঠিয়েছেন, তাঁদের সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার।এই দুই মিলিয়েই মোট ৬ লক্ষ ৬১ হাজার নাম বাদ পড়ার হিসেব মিলছে।
খসড়া তালিকায় আগেই বাদ ৫৮ লক্ষ নাম
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। মৃত, ভুয়ো, স্থায়ীভাবে স্থানান্তরিত কিংবা দীর্ঘদিন অনুপস্থিত—এই কারণেই সেই নামগুলি তালিকা থেকে সরানো হয়। এখন সেই সংখ্যার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আরও ৬ লক্ষ ৬১ হাজার।
এখনও বাকি ১৫ লক্ষের ভেরিফিকেশন
SIR হিয়ারিং শেষ হলেও প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। এখনও ১৫ লক্ষ ভোটারের ভেরিফিকেশন বাকি রয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লক্ষ ভোটারের নথি রি-ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরও কিছু পরিবর্তন হতে পারে বলেই মনে করা হচ্ছে।

‘আনট্রেসেবল’ ৩ লক্ষ ৫৫ হাজার ভোটার
সূত্রের খবর, প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার ভোটারের বাড়িতে হিয়ারিংয়ের নোটিস নিয়ে গেলেও বিএলও-রা তাঁদের সন্ধান পাননি। কমিশন সূত্রে এঁদের ‘আনট্রেসেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটিও ভবিষ্যতে তালিকা সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
ফর্ম ৭ জমা ৪২,৫০১টি, মাইক্রো অবজ়ার্ভারদের প্রশিক্ষণ শুরু
এখনও পর্যন্ত ফর্ম ৭ জমা পড়েছে ৪২,৫০১টি। পাশাপাশি নতুন মাইক্রো অবজ়ার্ভারদের ট্রেনিং শুরু করার জন্য সমস্ত জেলার ডিএম-দের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল রাখতে কমিশনের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

SIR হিয়ারিংয়ের শেষ দিনে বড় আপডেট। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানালেন, অন্তত ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এর আগে খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৫৮ লক্ষ নাম। এখনও ১৫ লক্ষ ভোটারের ভেরিফিকেশন বাকি, ৫০ লক্ষের নথি রি-ভেরিফিকেশনে।













