তরুণদের হৃদরোগে মৃত্যু বাড়ছে, কোভিড টিকাই কি ভিলেন? স্পষ্ট জবাব এইমস গবেষকদের

AIIMS Study: তরুণদের আকস্মিক হৃদরোগে মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই। গবেষণায় জানাল এইমস, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ তথ্য।

কোভিড মহামারীর পর থেকে তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুর খবর বাড়তেই প্রশ্ন উঠেছিল—দ্রুত তৈরি হওয়া কোভিড ভ্যাকসিনই কি এর নেপথ্যে? এই বিতর্কে ইতি টানল দিল্লির এইমসের বিস্তৃত গবেষণা। গবেষকদের স্পষ্ট দাবি, কোভিড টিকা ও তরুণদের আকস্মিক মৃত্যুর মধ্যে কোনও যোগ নেই।

কোভিড টিকা নিয়ে ভুল ধারণার অবসান

এইমসের চিকিৎসক-গবেষকদের মতে, সমাজে যে ধারণা তৈরি হয়েছে—কোভিড ভ্যাকসিনের কারণে তরুণদের হৃদরোগে মৃত্যু বাড়ছে—তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। গবেষণায় পরিষ্কারভাবে বলা হয়েছে, হৃদরোগে আকস্মিক মৃত্যুর সঙ্গে টিকার কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক পাওয়া যায়নি।

তরুণদের আকস্মিক মৃত্যুর প্রধান কারণ কী

গবেষণা অনুযায়ী, ভারতে তরুণদের আকস্মিক মৃত্যুর প্রধান কারণ এখনও করোনারি আর্টারি ডিজিজ। অর্থাৎ হৃদপিণ্ডের ধমনিতে চর্বি জমে রক্ত চলাচল ব্যাহত হওয়াই বড় ঝুঁকি। যদিও কিছু ক্ষেত্রে মৃত্যুর নির্দিষ্ট কারণ স্পষ্ট নয় বলেও জানিয়েছেন গবেষকরা।

ময়নাতদন্তে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য

১৮ থেকে ৪৫ বছর বয়সি নারী-পুরুষদের আকস্মিক মৃত্যু নিয়ে এইমসের গবেষকরা মোট ২২১৪টি ময়নাতদন্ত রিপোর্ট খতিয়ে দেখেন। এর মধ্যে ১৮০টি ক্ষেত্রে আকস্মিক মৃত্যুর প্রমাণ মেলে, যা মোটের প্রায় ৮.১ শতাংশ। এই আকস্মিক মৃত্যুর মধ্যে ৫৭.২ শতাংশই তরুণদের।

মধ্যবয়স্কদের তুলনায় তরুণদের ঝুঁকি

গবেষণায় আরও দেখা গেছে, ৪৬ থেকে ৬৫ বছর বয়সিদের ক্ষেত্রে হৃদরোগজনিত আকস্মিক মৃত্যুর হার ৪২.৮ শতাংশ। অর্থাৎ তুলনামূলকভাবে কম বয়সিদের মধ্যে এই প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় সতর্কবার্তা।

আধুনিক ময়নাতদন্তের উপর জোর

এইমসের বিশেষজ্ঞদের মতে, যেসব ক্ষেত্রে মৃত্যুর কারণ অস্পষ্ট, সেখানে আধুনিক ও উন্নত ময়নাতদন্ত পদ্ধতি অত্যন্ত জরুরি। তবেই প্রকৃত কারণ নির্ণয় সম্ভব হবে এবং ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে।

এইমসের চিকিৎসকের বক্তব্য

এইমসের চিকিৎসক ও গবেষক ডা. সুধীর আরাভা জানান, “আমরা আশা করি এই গবেষণার ফলে মানুষের মধ্যে কোভিড টিকা নিয়ে যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, তা দূর হবে। হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি।”

কোভিড পরবর্তী সময়ে তরুণদের হৃদরোগে আকস্মিক মৃত্যুর ঘটনা বেড়েছে ঠিকই, তবে এর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই—সাফ জানাল এইমস। গবেষণায় হৃদরোগের প্রবণতা ধরা পড়লেও, টিকাকে দায়ী করা হয়নি।

Leave a comment