তীব্র গরমে বাইরে থেকে ঘরে ফিরেই অনেকের প্রথম কাজ—এসি ১৬ ডিগ্রিতে সেট করা। মনে হয় এতে ঘর দ্রুত ঠান্ডা হবে। কিন্তু বাস্তবে এই অভ্যাস যেমন বিদ্যুৎ খরচ বাড়ায়, তেমনই শরীরের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে। তাই কোন তাপমাত্রায় এসি চালানো উচিত, তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে BEE।

১৬ ডিগ্রিতে কি ঘর দ্রুত ঠান্ডা হয়?
অনেকেই মনে করেন, তাপমাত্রা যত কম সেট করা হবে, ঘর তত দ্রুত ঠান্ডা হবে। বাস্তবে এসি নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী ঘরের তাপমাত্রা কমায়। আপনি ১৬ বা ২৪ ডিগ্রি যাই সেট করুন, ঘর ঠান্ডা হওয়ার গতি প্রায় একই থাকে। বরং ১৬ ডিগ্রিতে চালালে কম্প্রেসারের উপর অতিরিক্ত চাপ পড়ে।
২৪ ডিগ্রি কেন সেরা বিকল্প?
Bureau of Energy Efficiency জানিয়েছে, ২৪ ডিগ্রি তাপমাত্রা মানুষের শরীরের জন্য আরামদায়ক এবং নিরাপদ। দীর্ঘ সময় ১৬ বা ১৮ ডিগ্রিতে থাকলে সর্দি-কাশি, গলা ব্যথা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।BEE এমনকি কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দিয়েছে, ভবিষ্যতে এসির ন্যূনতম ডিফল্ট সেটিং ২৪ ডিগ্রি নির্ধারণ করা হোক।

২৪–২৬ ডিগ্রিতে সমান আরাম, কম বিল
বিশেষজ্ঞদের মতে, ২৪ থেকে ২৬ ডিগ্রিতে এসি চালালেও ঘর আরামদায়কভাবে ঠান্ডা হয়। এতে শরীর বাইরের তাপমাত্রার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে।সবচেয়ে বড় কথা, ২৪ বা ২৬ ডিগ্রিতে সেট করলে বিদ্যুৎ বিল ২৫–৩৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।
এক ডিগ্রি বাড়ালেই সাশ্রয়
গবেষণায় দেখা গেছে, এসির তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালে ৩–৪ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। অর্থাৎ ছোট পরিবর্তনেই বড় সাশ্রয়। পাশাপাশি কম্প্রেসারের উপর চাপ কম পড়ায় যন্ত্রের আয়ুও বাড়ে।

পরিবেশের জন্যও উপকারী
অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের মানে বেশি কার্বন নিঃসরণ। তাই সঠিক তাপমাত্রায় এসি চালানো শুধু ব্যক্তিগত খরচ কমায় না, পরিবেশ রক্ষাতেও ভূমিকা রাখে।

গরম পড়তেই অনেকে ১৬ ডিগ্রিতে এসি চালিয়ে দেন দ্রুত ঠান্ডা পেতে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এতে বিদ্যুৎ বিল বাড়ে এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। Bureau of Energy Efficiency (BEE) জানিয়েছে, ২৪ ডিগ্রি তাপমাত্রাই সবচেয়ে স্বাস্থ্যকর ও বিদ্যুৎ সাশ্রয়ী।













