Biyebarir Machher Matha Diye Moong Dal: বিয়েবাড়ির সেই স্বাদ এবার বাড়ির রান্নাঘরেই! মাছের মাথা দিয়ে মুগ ডালে এই টোটকাতেই আসবে ঘন স্বাদ

বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল বানানোর সহজ রেসিপি। ডাল ভাজা, মশলা কষানো থেকে শেষে আধ চামচ আটা মেশানোর টিপস জানুন।

গরম ভাত, সোনা মুগের ডাল আর তার মধ্যে মিশে থাকা ভাজা রুই বা কাতলার মাছের মাথা—বাঙালির কাছে এই স্বাদের আলাদা আবেগ রয়েছে। বিশেষ করে বিয়েবাড়ির দুপুরের পাত যেন এই পদ ছাড়া অসম্পূর্ণ। এবার আর নিমন্ত্রণের অপেক্ষা নয়, কয়েকটি সহজ কৌশল মেনে বাড়িতেই রান্না করতে পারেন সেই বিয়েবাড়ি-স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডাল।

সোনা মুগ ডালেই আসবে আসল স্বাদ

এই রান্নার জন্য সাধারণ মুগ ডালের বদলে সোনা মুগ ব্যবহার করাই ভালো। প্রথমে পাকা রুই বা কাতলার মাথা নুন-হলুদ মাখিয়ে সরষের তেলে ভালো করে ভেজে তুলে রাখুন।এরপর প্রায় ১০০ গ্রাম মুগ ডাল শুকনো কড়াইয়ে কম আঁচে ভেজে নিন। ডালে হালকা বাদামি রং এলে নামিয়ে ফেলুন। খেয়াল রাখবেন, ডাল যেন পুড়ে না যায়।

ডাল সেদ্ধ করার সময় এই ভুল করবেন না

ভাজা ডাল ঠান্ডা হলে জল দিয়ে হালকা করে ধুয়ে নিন। বেশি ঘষে ধোয়ার দরকার নেই। এরপর জল ও সামান্য নুন দিয়ে ডাল সেদ্ধ করে রাখুন।অন্যদিকে আদা বাটা, হলুদ, জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করুন।

মশলার কষানোতেই লুকিয়ে বিয়েবাড়ির আসল ফ্লেভার

কড়াইয়ে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এরপর দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়ুন।এবার পেঁয়াজ কুচি দিয়ে প্রায় ৫ মিনিট ভেজে টম্যাটো কুচি এবং তৈরি করা মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দু’টি কাঁচালঙ্কা দিয়ে ভাজা মাছের মাথা যোগ করুন।মাছের মাথা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়াটাই এই পদের স্বাদ বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

এবার দিন সেদ্ধ মুগ ডাল

মশলার সঙ্গে মাছের মাথা ভালোভাবে মিশে গেলে সেদ্ধ মুগ ডাল ও প্রয়োজনমতো গরম জল ঢেলে দিন। ঢিমে আঁচে কয়েক মিনিট ফুটতে দিন।এরপর স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই—বিয়েবাড়ির রান্নায় মশলার ঝাঁঝের সঙ্গে হালকা মিষ্টি স্বাদই আলাদা মাত্রা আনে।

এই ছোট্ট কৌশলেই বাড়বে ডালের ঘনত্ব

এবার আসল টিপস। কড়াই থেকে অল্প ফুটন্ত ডালের জল একটি পাত্রে তুলে নিয়ে তার সঙ্গে আধ চামচ আটা ভালোভাবে গুলে নিন। মিশ্রণটি আবার ফুটন্ত ডালের মধ্যে ঢেলে দিন।এতে ডাল কিছুটা ঘন হবে এবং রান্নায় আসবে আরও মোলায়েম, জমাট ভাব।শেষে দু’টি চেরা কাঁচালঙ্কা, ১ চামচ ঘি এবং এক চিমটে গরমমশলা দিয়ে আরও ২-৩ মিনিট ফুটিয়েনামিয়ে নিন।

পরিবেশনের সময় কী করবেন?

গরম ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা মাছের মাথা দিয়ে মুগ ডাল পরিবেশন করুন। চাইলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিতে পারেন। তাহলেই বাড়ির সাধারণ দুপুরের ভোজে চলে আসবে বিয়েবাড়ির সেই চেনা স্বাদ।

বাঙালির বিয়েবাড়ির পাত থেকে মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল যেন হারিয়ে যাওয়া স্বাদের স্মৃতি। তবে সঠিক পদ্ধতি মেনে বাড়িতেও তৈরি করা যায় এই পদ। মুগ ডাল ভাজা থেকে শুরু করে মাছের মাথা কষানো এবং শেষে অল্প আটা মেশানো—কয়েকটি ছোট টিপসেই মিলবে বিয়েবাড়ির মতো ঘন ও সুস্বাদু ডাল।

Leave a comment