কোভিড পরবর্তী সময় থেকে বক্স অফিসে টালমাটাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রণবীর সিংয়ের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। তবে বছর শেষ হওয়ার আগেই সমস্ত সমালোচনার জবাব দিল ‘ধুরন্ধর’। মাত্র ২১ দিনের মধ্যেই বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবে ঢুকে পড়ে ২০২৫ সালের বক্স অফিসে নতুন মাইলস্টোন তৈরি করল এই ছবি।
২১ দিনেই ঐতিহাসিক মাইলস্টোন
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। আইনি জটিলতা ও বিতর্ক সত্ত্বেও মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। বলিউড মাধ্যম সূত্রে খবর, ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৬৬৯ কোটি টাকা। আন্তর্জাতিক বাজার মিলিয়ে মোট আয় পৌঁছেছে ১,০০৬.৭ কোটি টাকায়। মাত্র ২১ দিনে এই নজির গড়ে ২০২৫ সালের প্রথম হাজার কোটির ছবি হয়ে উঠল ‘ধুরন্ধর’।
কোন কোন রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’?
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত একাধিক বড় বাজেটের ছবি ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছিল। ভিকি কৌশলের ‘ছাবা’ যেখানে থেমেছিল প্রায় ৮০০ কোটিতে, সেখানে ‘সাইয়ারা’র ব্যবসা শেষ হয়েছিল ৫৮০ কোটির কাছাকাছি। কিন্তু রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এই দুই ছবিকেই পিছনে ফেলে বছর শেষের আগেই প্রথম স্থানে উঠে এল।
সপ্তাহভিত্তিক বক্স অফিস পারফরম্যান্স
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী,
প্রথম সপ্তাহে জাতীয় স্তরে আয়: প্রায় ২১৮ কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায়: ২৬১.৫০ কোটি টাকা
তৃতীয় সপ্তাহে ভারতে আয় কিছুটা কমলেও আন্তর্জাতিক বাজারে শক্তিশালী পারফরম্যান্সের জেরে হাজার কোটির গণ্ডি ছোঁয় ছবি
দক্ষিণী সিনেমার দাপটের বাজারে বলিউডের জন্য এই সাফল্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
রণবীর সিংয়ের কেরিয়ারে ‘টার্নিং পয়েন্ট’
গত এক বছর ধরে রণবীর সিংয়ের একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারকাখচিত কাস্ট বা শক্ত গল্প— কোনও কৌশলই কাজে আসেনি। সেই পরিস্থিতিতে ‘ধুরন্ধর’ কার্যত তাঁর কেরিয়ারের ‘শাপমোচন’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৫ সালের বক্স অফিস নম্বরের নিরিখে বর্তমানে এক নম্বরে রণবীর সিং।
মাত্র ২১ দিনেই বিশ্বব্যাপী ১০০০ কোটির গণ্ডি ছুঁয়ে ইতিহাস গড়ল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই ছবি ভেঙে দিল ২০২৫ সালের একাধিক বক্স অফিস রেকর্ড, টপকে গেল ‘ছাবা’ ও ‘সাইয়ারা’র ব্যবসাও।








