কর্মচারী ভবিষ্য তহবিল বা PF অ্যাকাউন্ট রয়েছে? তাহলে অনলাইনে PF-সংক্রান্ত পরিষেবা ব্যবহারের সময় বাড়তি সতর্কতা জরুরি। ডিজিটাল পরিষেবা যত বাড়ছে, ততই সক্রিয় হচ্ছে সাইবার প্রতারকদের একটি চক্র। PF গ্রাহকদের সতর্ক করতে EPFO জানিয়েছে, সংস্থার নাম করে কেউ ব্যক্তিগত তথ্য বা OTP চাইলে কোনওভাবেই তা দেওয়া যাবে না।
কেন PF গ্রাহকদের সতর্ক করছে EPFO?
বর্তমানে PF সংক্রান্ত বহু পরিষেবা অনলাইনে পাওয়া যায়। UAN সংক্রান্ত কাজ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা ঘরে বসেই ব্যবহার করা সম্ভব। এই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারকরা নকল ওয়েবসাইট, মেসেজ ও লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।এই ধরনের প্রতারণা ঠেকাতেই PF সদস্যদের সতর্ক করেছে EPFO। সংস্থার পরামর্শ, কোনও অচেনা লিঙ্কে ক্লিক করার আগে সেটি কোথা থেকে এসেছে এবং ওয়েবসাইটটি আসল কি না, তা যাচাই করতে হবে।
EPFO কখনও কোন তথ্য চায় না?
PF গ্রাহকদের মনে রাখা দরকার, EPFO-র নাম করে কেউ ফোন, WhatsApp, SMS বা ইমেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চাইলে সতর্ক হতে হবে।
বিশেষ করে—
ফোনে OTP চাওয়া হলে দেবেন না।
WhatsApp, SMS বা ইমেলে OTP শেয়ার করতে বলা হলে তা উপেক্ষা করুন।
লগ-ইন পাসওয়ার্ড কাউকে জানাবেন না।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কাউকে দেবেন না।
EPFO-র প্রতিনিধি পরিচয় দিয়ে কেউ এই তথ্য চাইলে আগে সেটি যাচাই করুন।
ভুয়ো EPFO লিঙ্ক কীভাবে চিনবেন?
সাইবার প্রতারকরা অনেক সময় আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল ওয়েবসাইট তৈরি করে। ফলে শুধু ওয়েবসাইটের চেহারা দেখে সেটিকে আসল বলে ধরে নেওয়া বিপজ্জনক।লিঙ্কে প্রবেশের আগে URL ভালো করে পরীক্ষা করুন। ওয়েবসাইটের নাম বা বানানে সামান্য অস্বাভাবিকতা থাকলেও সেখানে কোনও তথ্য দেবেন না।PF সংক্রান্ত পরিষেবা নেওয়ার ক্ষেত্রে সরাসরি EPFO-র অফিসিয়াল পোর্টালে যাওয়াই নিরাপদ।
UAN, আধার, PAN-ও সুরক্ষিত রাখুন
শুধু OTP নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রতারকদের হাতে গেলে সমস্যা তৈরি হতে পারে। তাই অপরিচিত ব্যক্তির সঙ্গে UAN, আধার নম্বর, PAN-এর তথ্য কিংবা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।সোশ্যাল মিডিয়া, ইমেল বা SMS-এর মাধ্যমে আসা কোনও লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য, লগ-ইন সংক্রান্ত তথ্য বা আর্থিক বিবরণ লিখবেন না।
সাইবার প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?
PF অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কয়েকটি বিষয় মেনে চলা জরুরি—
অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন: PF সংক্রান্ত কাজের জন্য শুধুমাত্র EPFO-র নির্ভরযোগ্য অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
অপরিচিত লিঙ্ক এড়িয়ে চলুন: অচেনা SMS, ইমেল, WhatsApp মেসেজ বা সোশ্যাল মিডিয়া পোস্টের লিঙ্কে ক্লিক করবেন না।
OTP গোপন রাখুন: OTP কখনও অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না।
শক্তিশালী পাসওয়ার্ড রাখুন: সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ডের বদলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন করুন।
সন্দেহ হলে যাচাই করুন: EPFO-র নাম করে কোনও সন্দেহজনক ফোন বা মেসেজ এলে আগে তার সত্যতা যাচাই করুন।
PF অ্যাকাউন্ট নিয়ে অনলাইনে কাজ করার সময় গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে EPFO। ভুয়ো লিঙ্ক, নকল ওয়েবসাইট বা প্রতারকদের ফাঁদে পড়ে OTP, UAN, আধার, PAN কিংবা ব্যাঙ্কের তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই কোনও লিঙ্কে ক্লিক বা তথ্য শেয়ার করার আগে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।










