Ganesh Chaturthi Modak Recipe: গণেশ চতুর্থীতে দোকান নয়, ঘরেই বানান নরম-সুস্বাদু মোদক! মাত্র ১৫ মিনিটে তৈরি হবে বাপ্পার প্রিয় ভোগ

গণেশ চতুর্থীর ভোগে ঘরেই বানিয়ে নিন সুস্বাদু মোদক। চালের গুঁড়ো, নারকেল ও গুড় দিয়ে সহজ রেসিপিতে কীভাবে মোদক তৈরি করবেন, জানুন।

গণেশ চতুর্থী মানেই গণপতি বাপ্পার পুজো আর ভোগে মোদক। এই বিশেষ দিনে প্রিয় দেবতাকে নিজের হাতে তৈরি মোদক নিবেদন করতে চান? তা হলে দোকানে যাওয়ার প্রয়োজন নেই। চালের গুঁড়ো, নারকেল, গুড় আর সামান্য ঘি দিয়েই ঘরে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু মোদক। প্রস্তুতির পদ্ধতিও বেশ সহজ।

মোদক তৈরিতে লাগবে যে উপকরণ

এই সহজ রেসিপির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রয়োজন হবে—

১ কাপ চালের গুঁড়ো

১ কাপ নারকেল কোরা

১ কাপ গুড়

১ চা চামচ এলাচ গুঁড়ো

প্রয়োজনমতো ঘি

প্রয়োজনমতো জল

প্রথমে তৈরি করুন মোদকের মণ্ড

একটি পাত্রে জল ফুটিয়ে নিন। ফুটন্ত জলে সামান্য ঘি দিয়ে ধীরে ধীরে চালের গুঁড়ো মেশাতে থাকুন। নাড়তে নাড়তে মিশ্রণটি ঘন হয়ে মণ্ডের মতো তৈরি হলে আঁচ বন্ধ করে দিন।মণ্ডটি কিছুটা ঠান্ডা হলে একটি থালায় তুলে নিন। উপর থেকে অল্প ঘি দিয়ে ভালোভাবে মেখে নিন। মোদক সুন্দর করতে মণ্ডটি যেন একেবারে মসৃণ ও নরম হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

এবার তৈরি করুন নারকেল-গুড়ের পুর

একটি ননস্টিক পাত্রে সামান্য ঘি গরম করে তাতে নারকেল কোরা ও গুড় দিয়ে ভালোভাবে মেশান। কম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করুন, যাতে গুড় গলে নারকেলের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়।সবশেষে এলাচ গুঁড়ো ছড়িয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে রাখুন। পুরটি খুব বেশি শুকনো করবেন না, আবার অতিরিক্ত তরলও রাখবেন না।

মোদকের আকার দেওয়ার পালা

এবার তৈরি মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি হাতে চ্যাপ্টা করে বা ছোট লুচির মতো বেলে নিন। মাঝখানে নারকেল-গুড়ের পুর দিন।এরপর চারদিকের অংশ তুলে এনে মুখটি ভালোভাবে বন্ধ করে মোদকের আকার দিন। হাতে নকশা করতে অসুবিধা হলে বাজারে পাওয়া মোদকের ছাঁচও ব্যবহার করতে পারেন।

১০-১২ মিনিট ভাপে দিলেই তৈরি

একটি পাত্রে জল গরম করে তার উপর স্টিমারের পাত্র বসান। তৈরি করা মোদকগুলি সাজিয়ে প্রায় ১০-১২ মিনিট ভাপে রান্না করুন। মণ্ড সেদ্ধ হয়ে গেলে বুঝবেন মোদক তৈরি।ভাপ থেকে নামিয়ে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। পুজোর ভোগ হিসেবে যেমন মানানসই, তেমনই পরিবারের সদস্যদের জন্যও এটি হতে পারে দারুণ মিষ্টির পদ।

চাইলে বানাতে পারেন অন্য স্বাদের মোদকও

একই পদ্ধতিতে মোদকের পুরে সামান্য পরিবর্তন এনে নতুন স্বাদ তৈরি করা যায়। নারকেলের সঙ্গে ডার্ক চকোলেট মিশিয়ে চকোলেট মোদক বানানো সম্ভব। আবার কনডেন্সড মিল্ক, কাজুবাদাম, আমন্ড বা পেস্তা কুচি মিশিয়েও পুরকে আরও সমৃদ্ধ করা যায়।

গণেশ চতুর্থীর ভোগে মোদকের বিশেষ গুরুত্ব রয়েছে। বাজার থেকে কিনে আনার বদলে অল্প কয়েকটি উপকরণে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন নারকেল-গুড়ের পুরভরা সুস্বাদু মোদক। সঠিক পদ্ধতি মেনে তৈরি করলে কম সময়েই তৈরি হবে নরম ও মোলায়েম এই মিষ্টি।

Leave a comment