৯০ দিন কাজ করলেই সামাজিক সুরক্ষা! গিগ কর্মীদের জন্য বড় স্বস্তির নয়া নিয়ম আনছে কেন্দ্র

৯০ দিন কাজ করলেই সামাজিক সুরক্ষা! গিগ কর্মীদের জন্য বড় স্বস্তির নয়া নিয়ম আনছে কেন্দ্র

অবশেষে স্বীকৃতি মিলতে চলেছে গিগ কর্মীদের দীর্ঘদিনের দাবির। ডেলিভারি পার্টনার, ক্যাব চালক, ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম কর্মীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র। সামাজিক নিরাপত্তা কোডের আওতায় নতুন খসড়া বিধি প্রকাশ করে জানানো হয়েছে, ৯০ দিন কাজ করলেই গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা দিতে হবে।

৯০ দিন কাজ করলেই মিলবে সুরক্ষা

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত খসড়া বিধি অনুযায়ী, যেসব গিগ বা প্ল্যাটফর্ম কর্মী কোনও একটি প্ল্যাটফর্মে অন্তত ৯০ দিন কাজ করেছেন, তাঁরা সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এটি কার্যকর হলে লক্ষ লক্ষ কর্মী প্রথমবারের মতো সরকারি সুরক্ষা ব্যবস্থার আওতায় আসবেন।

একাধিক প্ল্যাটফর্মে কাজ করলে নিয়ম কী?

খসড়া বিধিতে স্পষ্ট করা হয়েছে, কোনও কর্মী যদি একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, সেক্ষেত্রে যোগ্যতার সময়সীমা বাড়িয়ে ১২০ দিন করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ একাধিক অ্যাপে সক্রিয় থাকলেও কাজের দিন গণনা হবে।

একদিনে তিন অ্যাপে কাজ মানেই তিন কর্মদিবস

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কোনও কর্মী যেদিন থেকে প্ল্যাটফর্মের মাধ্যমে আয় শুরু করবেন, সেই দিন থেকেই তিনি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত বলে ধরা হবে।যদি কেউ একই দিনে তিনটি প্ল্যাটফর্মে কাজ করেন, তবে সেটিকে তিনটি কর্মদিবস হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে—যা গিগ কর্মীদের পক্ষে বড় সুবিধা।

কী কী সামাজিক সুবিধা মিলতে পারে?

নতুন শ্রম কোড অনুযায়ী, যোগ্য গিগ কর্মীরা পেতে পারেন—

স্বাস্থ্য বিমা

জীবন বিমা

দুর্ঘটনা বিমা

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নথিভুক্তির সুযোগ

এছাড়াও সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে প্ল্যাটফর্মে যুক্ত কর্মীদের কর্মচারী হিসেবে গণ্য করার প্রস্তাব রাখা হয়েছে।

প্রতিবাদ ও আন্দোলনের প্রেক্ষাপট

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের বিভিন্ন ইউনিয়ন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল। গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, দিল্লি, মুম্বই-সহ ২২টি শহরে এক লক্ষের বেশি কর্মী আন্দোলনে অংশ নেন। মজুরি, কাজের পরিবেশ ও সামাজিক সুরক্ষার দাবিতেই এই প্রতিবাদ।

ভারতে গিগ কর্মীর সংখ্যা কত?

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে গিগ কর্মীর সংখ্যা ১ কোটি ২৭ লক্ষের বেশি। নীতি আয়োগের অনুমান বলছে, ২০২৯–৩০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ২ কোটি ৩৫ লক্ষে পৌঁছাতে পারে। ফলে এই নয়া নিয়ম কার্যকর হলে তার প্রভাব হবে সুদূরপ্রসারী।

গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের। নতুন খসড়া বিধি অনুযায়ী, কোনও প্ল্যাটফর্মে টানা ৯০ দিন কাজ করলেই মিলবে সামাজিক সুরক্ষা সুবিধা। একাধিক প্ল্যাটফর্মে কাজ করলে যোগ্যতার সময়সীমা হতে পারে ১২০ দিন।

Leave a comment