নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীর জন্য বড় সুখবর। হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল নিউ আলিপুরদুয়ার স্টেশন। শুক্রবার রেলের তরফে আনুষ্ঠানিকভাবে নতুন স্টপেজের তালিকা প্রকাশ হতেই হাসি ফুটেছে আলিপুরদুয়ারবাসীর মুখে। দীর্ঘ দাবির পর অবশেষে মিলল স্বীকৃতি।
নিউ আলিপুরদুয়ার পেল ঐতিহাসিক স্টপেজ
প্রথমে আলিপুরদুয়ারের নাম না থাকায় ক্ষোভ ছড়িয়েছিল এলাকায়। তবে এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলাল। রেলের নতুন ঘোষণায় নিউ আলিপুরদুয়ার স্টেশনের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তিতে স্থানীয় মানুষ ও যাত্রীরা।
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন
নতুন বছরেই পশ্চিমবঙ্গ পেতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া থেকে অসমের কামাখ্যা পর্যন্ত চলবে এই অত্যাধুনিক ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের আপগ্রেডেড সংস্করণ এই স্লিপার ট্রেন, যেখানে যাত্রীরা বসে নয়, শুয়ে আরামদায়ক সফর করতে পারবেন।
কেমন হবে বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ বিন্যাস
রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে থাকবে মোট ১৬টি কোচ—
১১টি এসি ৩ টায়ার কোচ
৪টি এসি ২ টায়ার কোচ
১টি এসি ফার্স্ট ক্লাস কোচ
মোট ৮২৩ জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন এই ট্রেনে।
বিধায়কের চিঠির ফল মিলল দ্রুত
স্টপেজ না থাকায় গত সপ্তাহের শুক্রবার নিউ আলিপুরদুয়ার স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়। বিভাগীয় রেল প্রবন্ধকের মাধ্যমে চিঠি দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই দাবির বাস্তবায়ন হওয়ায় উচ্ছ্বসিত সকলেই।
কী বলছেন বিধায়ক
এই বিষয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান,“এই ট্রেন অত্যন্ত দ্রুতগতির। কাজের প্রয়োজনে, চিকিৎসার ক্ষেত্রে সকলেরই সুবিধা হবে। আমরা খুব খুশি।”
হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ তালিকায় যুক্ত হল নিউ আলিপুরদুয়ার স্টেশন। রেলের ঘোষণায় খুশি আলিপুরদুয়ারবাসী। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হিসেবে এই রুটেই যাত্রা শুরু করতে চলেছে ট্রেনটি।











