রেড মিটে একঘেয়েমি? বর্ষায় চেখে দেখুন ইলিশ বিরিয়ানি, ঘরেই বানানোর সহজ রেসিপি

বিরিয়ানি মানেই মটন বা চিকেন নয়! বর্ষায় বাঙালির প্রিয় ইলিশ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ইলিশ বিরিয়ানি। জেনে নিন উপকরণ ও সহজ রান্নার পদ্ধতি।

বর্ষা এলেই বাঙালির মনে ইলিশের জন্য আলাদা টান তৈরি হয়। আবার বিরিয়ানি এমন একটি খাবার, যার নাম শুনলেই জিভে জল আসে। এই দুই প্রিয় খাবারকে একসঙ্গে মিলিয়ে তৈরি করা যায় দারুণ স্বাদের ইলিশ বিরিয়ানি। রেস্তরাঁয় না গিয়ে বাড়িতেই অল্প ঝামেলায় বানিয়ে ফেলতে পারেন এই অভিনব পদ। রইল সম্পূর্ণ রেসিপি।

ইলিশ বিরিয়ানি বানাতে কী কী লাগবে?

এই রান্নার জন্য প্রয়োজন হবে—

বাসমতি চাল — ১ কেজি

ইলিশ মাছ — ১০ টুকরো

টক দই — ১৫০ গ্রাম

ঘি — ৫০ গ্রাম

কেওড়া জল — ১ চা চামচ

গোলাপ জল — ২ টেবিল চামচ

ধনে গুঁড়ো — ২ চা চামচ

জিরে গুঁড়ো — ২ চা চামচ

আদা বাটা — ২ চা চামচ

কাঁচালঙ্কা বাটা — ½ কাপ

গরমমশলা — ½ চা চামচ

ভেজানো কাঠবাদাম — ২ চা চামচ

কাজু ও কিশমিশ — ½ কাপ

টমেটো বাটা — ২ কাপ

পাতিলেবু — ১টি

নুন — স্বাদমতো

প্রয়োজনমতো সাদা তেল

প্রথমে ইলিশ মাছ ম্যারিনেট করে নিন

ইলিশের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর মাছের সঙ্গে লেবুর রস ও সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।অন্য একটি পাত্রে ফেটানো টক দই বা টমেটো বাটা, কাঁচালঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন মিশিয়ে নিন। এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে মাছের টুকরোগুলি দিয়ে দিন। অন্তত ২৫-৩০ মিনিট ঢেকে রাখুন।

তৈরি করুন মুচমুচে বেরেস্তা

বিরিয়ানির আসল স্বাদ বাড়াতে পেঁয়াজের বেরেস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজ পাতলা করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলি ভেজে বাদামি করে নিন। গ্যাস বন্ধ করার পরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেরেস্তা তুলে রাখুন। এতে পেঁয়াজ বেশ মুচমুচে থাকবে।

এবার তৈরি হবে বিরিয়ানির ভাত

একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য নুন দিন। আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিন। চাল পুরোপুরি নরম না করে প্রায় সেদ্ধ হয়ে এলে ফ্যান ঝরিয়ে আলাদা করে রাখুন।

এবার শুরু ‘দম’-এর পালা

বিরিয়ানির হাঁড়িতে প্রথমে এক স্তর ভাত দিন। তার উপর ম্যারিনেট করা ইলিশের টুকরোগুলি সুন্দর করে সাজিয়ে দিন। মাছের উপর আবার এক স্তর ভাত ছড়িয়ে দিন।এরপর কাঁচালঙ্কা, কাজু, কিশমিশ, বেরেস্তা, সামান্য তেল ও ঘি ছড়িয়ে দিন। সবশেষে কেওড়া জল ও গোলাপ জল দিয়ে দিন।

দমে রাখলেই তৈরি ইলিশ বিরিয়ানি

হাঁড়ির মুখ আটার মণ্ড দিয়ে ভালোভাবে বন্ধ করে দিন, যাতে ভিতরের ভাপ বেরিয়ে যেতে না পারে। প্রথমে প্রায় ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এরপর আঁচ কমিয়ে আরও ৩০ মিনিট দমে রাখুন।তারপর একটি তাওয়া গরম করে তার উপর হাঁড়িটি বসিয়ে আরও প্রায় ২০ মিনিট রান্না করুন। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে ঢাকনা খুলুন।হালকা হাতে ভাত ও মাছ মিশিয়েনিন। এবার গরম গরম ইলিশ বিরিয়ানি পরিবেশন করুন।

বিরিয়ানি মানেই মটন বা চিকেন—এই ধারণা এবার বদলে ফেলুন। বর্ষার মরশুমে বাঙালির প্রিয় ইলিশ দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ইলিশ বিরিয়ানি। কী কী উপকরণ লাগবে এবং কীভাবে ধাপে ধাপে রান্না করবেন, রইল সহজ রেসিপি।

Leave a comment