বর্ষা এলেই বাঙালির পাতে ইলিশের অপেক্ষা শুরু হয়। কিন্তু এবার ভরা মরসুমেও সেই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। বাজারে ইলিশের জোগান কম থাকায় দাম কমার বদলে উল্টে বাড়ছে। বড় আকারের ইলিশ কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে প্রায় ২২০০ টাকা। ফলে আমজনতার রান্নাঘরে ইলিশ এখন রীতিমতো বিলাসী পদ।
ভরা মরসুমেও কেন চড়া ইলিশের দাম?
মৎস্যজীবীদের মতে, এর অন্যতম কারণ সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি। ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন এবং উত্তাল সমুদ্রের কারণে ট্রলারগুলি দীর্ঘসময় মাছ ধরতে পারছে না।
২-৩ দিনের বেশি সমুদ্রে থাকতে পারছেন না মৎস্যজীবীরা
সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকায় অনেক ট্রলারকে অল্প সময়ের মধ্যেই ফিরে আসতে হচ্ছে। ফলে পর্যাপ্ত ইলিশ নিয়ে ঘাটে ফিরতে পারছেন না মৎস্যজীবীরা। বাজারে স্থানীয়ভাবে ধরা টাটকা ইলিশের জোগান কমে যাওয়ায় তার সরাসরি প্রভাব পড়ছে দামের উপর।মৎস্যজীবী সংগঠনের সভাপতি অলোক হালদারের বক্তব্য অনুযায়ী, আবহাওয়ার খামখেয়ালিপনাই এবারের ইলিশ সংকটের অন্যতম কারণ।
৬০০-৭০০ টাকাতেও ইলিশ, কিন্তু স্বাদে প্রশ্ন
বাজারে তুলনামূলক কম দামের ইলিশও রয়েছে। প্রায় ৬০০-৭০০ টাকার মধ্যে কিছু মাছ পাওয়া যাচ্ছে। তবে সেগুলির অধিকাংশই স্থানীয় সমুদ্র থেকে সদ্য ধরা টাটকা ইলিশ নয়। গুজরাত থেকে আসা মাছ কিংবা হিমঘরে সংরক্ষিত ইলিশের জোগানেই এই ঘাটতি কিছুটা মেটানো হচ্ছে।ফলে দাম কম হলেও বাঙালির কাঙ্ক্ষিত টাটকা ইলিশের স্বাদ ও গুণমান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
শুধু বাংলায় নয়, ওপার বাংলাতেও ইলিশের টান
ইলিশের জোগানের সমস্যা শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশেও এবার পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না বলে মৎস্যজীবীদের দাবি। নদীতে পলি জমা, নতুন চর তৈরি হওয়া এবং সমুদ্রের পরিবেশে পরিবর্তনের মতো বিষয়ও।
বঙ্গোপসাগরে কম মাছ, ভরসা এখন গুজরাত
প্রতি বছর পুজোর আগে বাজারে ইলিশের জোগান বাড়ে। বাংলাদেশ ও মায়ানমার থেকেও ইলিশ আসায় বাজার অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু এবার বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত ইলিশ না ওঠায় সেই জোগান তৈরি হয়নি।ফলে বাজারের চাহিদা মেটাতে গুজরাতের ইলিশের উপর নির্ভরতা বেড়েছে। তবে আবহাওয়া কিছুটা অনুকূল হলে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলেই আশা করছেন মৎস্যজীবীরা।
ইলিশপ্রেমীদের পাতে কি ফিরবে স্বস্তি?
এই মুহূর্তে ইলিশের দাম কমার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না মৎস্যজীবীরা। সমুদ্র শান্ত হলে ট্রলারগুলি দীর্ঘসময় মাছ ধরতে পারবে। তখন বাজারে ইলিশের জোগান বাড়লে দামের উপরেও তার প্রভাব পড়তে পারে।তবে আবহাওয়া অনুকূল না হলে চলতি মরসুমে টাটকা ইলিশের জোগান কতটা বাড়বে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
ভরা ইলিশের মরসুমেও বাজারে স্বস্তি নেই। বড় ইলিশের দাম পৌঁছেছে কেজিপ্রতি প্রায় ২২০০ টাকায়। কোথাও ৬০০-৭০০ টাকায় ছোট ইলিশ মিললেও তার বেশিরভাগই গুজরাত থেকে আসা অথবা হিমঘরে সংরক্ষিত মাছ। সমুদ্র উত্তাল থাকা, খারাপ আবহাওয়া এবং বঙ্গোপসাগরে ইলিশের জোগান কমে যাওয়াকেই চড়া দামের অন্যতম কারণ হিসেবে মনে করছেন মৎস্যজীবীরা।











