IMD Weather Forecast: মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, ডুয়ার্সে বর্ষার মোহময় রূপ! উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও ডুয়ার্সে কেমন থাকবে আবহাওয়া? জানুন IMD-এর সর্বশেষ পূর্বাভাস ও সতর্কতা।

দার্জিলিং: সকাল থেকে কখনও মেঘ, কখনও রোদের লুকোচুরি। মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা, আর বর্ষার ছোঁয়ায় আরও সবুজ হয়ে উঠেছে পাহাড় ও ডুয়ার্স। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে নামতে পারে বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মেঘের চাদরে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিঙে স্বস্তির আবহাওয়া

দার্জিলিঙে সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির দেখা তেমন না মিললেও মেঘে ঢেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ি শহরের মনোরম পরিবেশ উপভোগ করছেন পর্যটকেরা।তবে দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার দার্জিলিঙে তাপমাত্রা প্রায় ১৬ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

জলপাইগুড়িতে মেঘ-রোদের লুকোচুরি

জলপাইগুড়িতে সকাল থেকেই রোদ এবং মেঘের খেলা চলছে। হালকা বাতাস থাকলেও বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।তবে দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলাতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কালিম্পঙে কখনও রোদ, কখনও ঝিরিঝিরি বৃষ্টি

কালিম্পঙেও বর্ষার চেনা ছবি। কখনও মেঘের ফাঁক দিয়ে রোদ, আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টি। শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।এর সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস-এর আশপাশে থাকতে পারে।

কোচবিহারে বিকেলের দিকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা

কোচবিহারে সকাল থেকে তুলনামূলক পরিষ্কার আকাশ থাকলেও মাঝে মাঝেই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আপাতত বৃষ্টির প্রভাব কম থাকলেও দুপুর বা বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

বর্ষায় আরও সুন্দর ডুয়ার্স

বর্ষার সময় আলিপুরদুয়ার ও ডুয়ার্সের প্রকৃতি যেন নতুন রূপ পায়। মেঘ, হালকা বৃষ্টি এবং মাঝেমধ্যে রোদের মিশেলে জঙ্গলের সবুজ আরও গাঢ় হয়ে উঠেছে।এই সময় পর্যটকদের কাছে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ আকর্ষণ তৈরি করে। শুক্রবার আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে।

পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি পথে যাতায়াতের সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।বিশেষ করে ভারী বৃষ্টির সময় পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং কোথাও কোথাও ভূমিধস বা রাস্তা পিচ্ছিল হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

উত্তরবঙ্গে ফের সক্রিয় বর্ষার আবহ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। মেঘ-বৃষ্টির দাপটে অন্যদিকে আরও মনোরম হয়ে উঠেছে ডুয়ার্সের প্রাকৃতিক পরিবেশ।

Leave a comment