Jilipi Recipe: দোকানের মতো মুচমুচে জিলিপি এবার ঘরেই! ব্যাটারে শুধু ২ চিমটি এই সাদা গুঁড়ো, ১৫-২০ মিনিটেই রাশি রাশি মিষ্টি

Jilipi Recipe: ময়দার ব্যাটারে মাত্র ২ চিমটি ইনো মিশিয়ে কীভাবে ১৫-২০ মিনিটে মুচমুচে ও রসালো জিলিপি বানাবেন, রইল সহজ রেসিপি ও সিরা তৈরির টিপস।

উৎসব হোক বা বাড়িতে হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে—জিলিপির জুড়ি মেলা ভার। কিন্তু দোকানের মতো নিখুঁত জিলিপি বাড়িতে বানানো বেশ ঝামেলার মনে হয় অনেকের কাছে। ব্যাটার তৈরি, জিলিপির আকার দেওয়া থেকে শুরু করে সিরায় ডোবানো—সবেতেই একটু ভুল হলেই নষ্ট হতে পারে স্বাদ। তবে সহজ একটি কৌশল মেনে চললে খুব কম সময়েই বাড়িতে তৈরি করতে পারবেন মুচমুচে জিলিপি।

প্রথমেই তৈরি করুন চিনির সিরা

জিলিপির আসল স্বাদ অনেকটাই নির্ভর করে সিরার উপর। এজন্য একটি প্যানে ১ কাপ চিনি ও ১ কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে সামান্য এলাচগুঁড়ো এবং অল্প ফুড কালার দিতে পারেন।সিরায় ২ চা চামচ দুধ মেশালে সেটি তুলনামূলক পরিষ্কার ও ঘন হতে পারে। এরপর ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে রাখুন। সিরা অতিরিক্ত ঘন করে ফেলবেন না।

এবার তৈরি করুন জিলিপির ব্যাটার

একটি পাত্রে ১ কাপ ময়দা নিয়ে ভালো করে ফেটিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন একেবারে পাতলা বা অত্যন্ত ঘন না হয়।এরপর এতে ১ চা চামচ ঘি ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। লেবু না থাকলে অল্প দই ব্যবহার করা যেতে পারে।

সিক্রেট টিপস—মাত্র ২ চিমটি ইনো!

জিলিপি দ্রুত ফুলিয়ে তুলতে এবার ব্যাটারে দিন মাত্র ২ চিমটি ইনো। এটাই এই দ্রুত রেসিপির অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। ইনো না থাকলে অল্প বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে।তবে বেশি ইনো দেওয়া উচিত নয়। তাতে জিলিপি অতিরিক্ত ফুলে গিয়ে কাঙ্ক্ষিত আকার নষ্ট হতে পারে।

পাইপিং ব্যাগে ভরে তৈরি করুন জিলিপির প্যাঁচ

ব্যাটারটি একটি পাইপিং ব্যাগে ভরে নিন। ব্যাগের মুখ খুব ছোট করে কেটে নিন। এবার একটি চ্যাপ্টা প্যানে তেল বা ঘি গরম করুন।আঁচ মাঝারি থেকে কম রাখাই ভালো। এরপর ব্যাটার দিয়ে তেলের উপর ধীরে ধীরে গোল করে আড়াই প্যাঁচের মতো জিলিপির আকার দিন।দু’পিঠ ভালোভাবে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। জিলিপি দ্রুত ভাজা হয়ে যায়, তাই এই সময় নজর রাখুন।

গরম জিলিপি সরাসরি সিরায়

জিলিপি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে সঙ্গে সঙ্গে গরম বা উষ্ণ সিরায় দিয়ে দিন। কয়েক মিনিট সিরায় রেখে মাঝে একবার উল্টে দিন, যাতে দু’দিকেই ভালোভাবে রস ঢোকে।তারপর তুলে নিলেই তৈরি মুচমুচে ও রসালো ঘরোয়া জিলিপি।

জিলিপির স্বাদ বদলাতে পারেন উপকরণে

জিলিপির মূল উপকরণ ময়দা হলেও বিভিন্ন বাড়িতে এর সঙ্গে বেসন, সুজি, বিউলির ডালের গুঁড়ো, টক দই কিংবা বেকিং পাউডারও ব্যবহার করা হয়। কোন উপকরণ কতটা ব্যবহার করছেন, তার উপর জিলিপির গঠন ও স্বাদে পার্থক্য আসতে পারে।

জিলিপি বানাতে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটার ফারমেন্ট করার দরকার নেই। ময়দার ব্যাটারে সামান্য ঘি, লেবুর রস এবং মাত্র দু’চিমটি ইনো মিশিয়েই তৈরি করা যায় ঝটপট জিলিপি। সঙ্গে ঠিকঠাক চিনির সিরা আর ভাজার কৌশল জানলেই মিলবে মুচমুচে, রসালো জিলিপি।

Leave a comment