রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির জাল যে প্রশাসনের অন্দরমহল পর্যন্ত বিস্তৃত, তা ফের একবার স্পষ্ট করল সিবিআই। শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া চূড়ান্ত চার্জশিটে নাম উঠে এল এক প্রভাবশালী আইএএস অফিসারের। সেই সঙ্গে চার্জশিটে জায়গা পেয়েছে শিক্ষক নিয়োগ কাণ্ডে ধৃত অয়ন শীলের সংস্থার নামও।

কার নাম চার্জশিটে?
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ (DLB)-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন।
ডিরেক্টরেট অব লোকাল বডিজের ভূমিকা
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর পদে নিযুক্ত জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। তদন্তকারীদের দাবি, পুরসভায় নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিএলবির বড় ভূমিকা থাকে। কোন পুরসভায় কারা নিয়োগ পাবেন, সেই তালিকা ও বরাত নির্ধারণের ক্ষমতা এই দপ্তরের হাতেই ছিল। সেই সুযোগের অপব্যবহার করেই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি—এমনটাই সিবিআইয়ের অভিযোগ।
বাড়ি থেকে উদ্ধার নথি
তদন্তের সময় জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে সিবিআই। সেই নথির সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার হয় এবং চূড়ান্ত চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা হয়।

অয়ন শীলের সংস্থার নাম কেন?
চার্জশিটে নাম রয়েছে অয়ন শীলের সংস্থা ABS Infozone Private Limited-এর। এর আগেও প্রথম চার্জশিটে অয়ন শীল ও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের নাম ছিল। নতুন চার্জশিটে সেই বৃত্ত আরও বড় হয়েছে।
শিক্ষক নিয়োগ কাণ্ড থেকে পুরসভা পর্যন্ত
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পুরসভায় নিয়োগে দুর্নীতির হদিশ মেলে। সেই সূত্র ধরেই ইডি ও সিবিআই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে।
শত কোটির সম্পত্তির হদিশ
তদন্ত চলাকালীন চুঁচুড়া ও কলকাতায় অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কোটির বেশি সম্পত্তির খোঁজ পায় ইডি। উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য, এমনকি নারী যোগের অভিযোগও। সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করেই সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। আলিপুর বিশেষ সিবিআই আদালতে দাখিল চার্জশিটে এক আইএএস আধিকারিকের নামের পাশাপাশি উল্লেখ রয়েছে অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের।








