ক্রিকেটার শুভমন গিলের বোন শাহনীল গিল এবার পা রাখছেন বিনোদনের দুনিয়ায়। তবে বড় পর্দায় নয়, তাঁর নতুন যাত্রা শুরু হচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস সিজন ২’-এর মাধ্যমে। করণ জোহরের সঞ্চালনায় এই শো-এর ২১ জন প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন শাহনীল। ফলে এতদিন শুভমনের বোন হিসেবে পরিচিত শাহনীল এবার নিজের পরিচয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন। ক্রিকেটমহলের পাশাপাশি তাঁর এই নতুন ইনিংস নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিনোদনপ্রেমীদের মধ্যেও।
করণ জোহরের শো-তেই নতুন ইনিংস শাহনীলের
শাহনীল গিলকে এবার দেখা যাবে ‘দ্য ট্রেইটরস সিজন ২’-এ। শো-টি ১৩ অগাস্ট প্রাইম ভিডিওতে সম্প্রচারের কথা রয়েছে। ২১ জন প্রতিযোগীকে নিয়ে তৈরি এই রিয়্যালিটি শো-তে মূল আকর্ষণ হবে জোট, কৌশল, বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতার খেলা।শুভমন গিলের বোন হিসেবে পরিচিতি থাকলেও এবার নিজের ব্যক্তিত্ব দিয়েই দর্শকদের নজর কাড়ার সুযোগ পাচ্ছেন শাহনীল।
কানাডায় কেটেছে জীবনের গুরুত্বপূর্ণ সময়
শাহনীলের জীবন অবশ্য শুরু থেকেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে জড়িত ছিল না। বেশ কয়েক বছর কানাডায় কাটিয়েছেন তিনি। উইনিপেগের রেড রিভার কলেজ পলিটেকনিকে ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করেন এবং ২০১৯ সালে ডিপ্লোমা সম্পন্ন করেন।পড়াশোনা শেষ করে সেখানেই চাকরিও করেছিলেন শাহনীল। একটি ফুড-ডেলিভারি সংস্থায় সাকসেস কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয়
চাকরির পাশাপাশি ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেন শাহনীল। ভ্রমণ, ফ্যাশন, ফিটনেস এবং লাইফস্টাইল সংক্রান্ত নানা পোস্টের মাধ্যমে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে।শুধু শুভমন গিলের বোন হিসেবে নয়, নিজের সোশ্যাল মিডিয়া উপস্থিতির কারণেও একটি বড় ফলোয়ার বেস তৈরি হয়েছে তাঁর।
সারা তেন্ডুলকরের সঙ্গেও বন্ধুত্ব নিয়ে চর্চা
ক্রিকেট দুনিয়ার আরও এক পরিচিত পরিবারের সঙ্গে শাহনীলের যোগাযোগ রয়েছে। সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর বন্ধুত্বের বিষয়টি বহুবার আলোচনায় এসেছে।দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের বন্ধুত্ব নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এর পাশাপাশি শুভমন গিল ও সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা থাকায় শাহনীল ও সারার বন্ধুত্বও আলাদা করে নজর কেড়েছে। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে সংশ্লিষ্টরা প্রকাশ্যে কোনও নিশ্চিত ঘোষণা করেননি।
‘দ্য ট্রেইটরস’-এ কারা রয়েছেন?
শাহনীলকে সঙ্গ দিতে এবারের সিজনে রয়েছেন বিনোদন ও অন্যান্য ক্ষেত্রের একাধিক পরিচিত মুখ। তালিকায় রয়েছেন রিয়া চক্রবর্তী, শালিনী পাসি, ক্রিস্টেল ডি'সুজা, শ্বেতা তিওয়ারি, মল্লিকা শেরাওয়াত, মুনাওয়ার ফারুকী, অভিষেক মালহান এবং শেফ রণবীর ব্রার-সহ আরও অনেকে।এখানে শুধু জনপ্রিয়তা নয়, প্রতিযোগীদের বুদ্ধি, কৌশল এবং অন্যদের বিশ্বাস অর্জনের ক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে শাহনীল কতটা ভালো খেলতে পারেন, সেটাই এখন দেখার।
শাহনীলের কৌশল কী হতে চলেছে?
শো শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় সহ-প্রতিযোগীদের সঙ্গে শাহনীলের যোগাযোগ নজরে এসেছে। নিজের একটি পোস্টে তিনি ‘দয়া দিয়ে বাজিমাত’ করার কথা বলেছেন। তাঁর এই মন্তব্য থেকেই অনেকে মনে করছেন, প্রতিযোগিতায় বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ইতিবাচক ভাবমূর্তিকেই কৌশল হিসেবে ব্যবহার করতে পারেন তিনি।তবে রিয়্যালিটি শোয়ের আসল পরীক্ষা শুরু হবে ক্যামেরার সামনে খেলা শুরু হওয়ার পরেই।
ক্রিকেটার শুভমন গিলের বোন শাহনীল গিল এবার ক্রিকেটের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতে পা রাখছেন। করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেইটরস সিজন ২’-এর অন্যতম প্রতিযোগী তিনি। কানাডায় পড়াশোনা ও চাকরি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা—শাহনীলের জীবনযাত্রাও বেশ চর্চিত।









