ইডি ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস—পরস্পরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বুধবার সেই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে থাকা আইপ্যাক সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল হাইকোর্ট। তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি হলেও, ইডির মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দিল আদালত।

আইপ্যাক মামলায় আদালতের পর্যবেক্ষণ
বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সময় ইডির তরফে জানানো হয়, ৮ জানুয়ারি তল্লাশির দিনে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি। এই বক্তব্য নথিভুক্ত হওয়ার পরই তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দেয় আদালত।
কেন মুলতুবি ইডির মামলা
শুনানি চলাকালীন ইডি জানায়, একই বিষয় নিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। সেই কারণে হাইকোর্টে আপাতত ইডির মামলার শুনানি স্থগিত রাখা হোক। বিচারপতি শুভ্রা ঘোষ ইডির এই আবেদনে সম্মতি দেন এবং জানান, সুপ্রিম কোর্টে কী নির্দেশ আসে, তা জানার পরেই হাইকোর্টে ইডির মামলার শুনানি হবে।
সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে হাইকোর্ট
আদালত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে সেই শুনানি হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উপরেই নির্ভর করবে হাইকোর্টে পরবর্তী পদক্ষেপ।

দু’পক্ষের আইনজীবীদের সওয়াল
ইডির আইনজীবীরা দাবি করেন, যেহেতু কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি, তাই নথি ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। তাঁদের আরও বক্তব্য, সার্চ ও সিজ়ার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা রয়েছে এবং এই নিয়ে শীর্ষ আদালতে একাধিক মামলা চলছে। প্রয়োজনে ইডি হলফনামা দিতে প্রস্তুত বলেও জানানো হয়।অন্যদিকে তৃণমূলের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতে বলেন, তৃণমূলের দায়ের করা মামলায় কোনও ক্যাভিয়েট নেই এবং এই মামলায় তৃণমূল কংগ্রেস পার্টি সরাসরি পক্ষ নয়। তাই এই আবেদনের শুনানিতে কোনও আইনি বাধা থাকার কথা নয়।
ইডিকে হলফনামার নির্দেশ
শুনানি শেষে আদালত ইডিকে সামগ্রিকভাবে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, নথি বাজেয়াপ্ত করা হয়েছে কি না এবং সার্চ প্রক্রিয়ার বৈধতা—এই সব বিষয় হলফনামার মাধ্যমে স্পষ্ট করতে হবে।

আইপ্যাক সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের আবেদনের নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। ইডির তরফে জানানো হয়, তল্লাশির সময় কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি। অন্যদিকে, একই ইস্যুতে ইডির দায়ের করা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় হাইকোর্টে সেই মামলার শুনানি আপাতত মুলতুবি রাখা হল।









