লোকাল বাস হোক কিংবা দূরপাল্লার সরকারি এসি বাস— আর ভাড়া লাগবে না! এমনই সম্ভাবনায় উচ্ছ্বসিত রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকেই মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই পরিবহণ দফতর সম্ভাব্য যাত্রী সংখ্যা, কার্ড ব্যবস্থা এবং গাইডলাইন তৈরির কাজ এগিয়ে নিয়ে চলেছে।

‘পিঙ্ক কার্ড’ দেখালেই মিলবে ফ্রি যাত্রা
পরিবহণ দফতর সূত্রে খবর, এই প্রকল্পের মূল আকর্ষণ হতে চলেছে বিশেষ ‘পিঙ্ক কার্ড’। ভবিষ্যতে এই কার্ড দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলা যাত্রীরা। বাসের কন্ডাক্টর তাঁদের হাতে একটি বিনামূল্যের টিকিট তুলে দেবেন।এই পরিষেবা লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি এসি ও নন-এসি বাসেও চালু হতে পারে বলেই জোর আলোচনা শুরু হয়েছে।
১ জুনের আগে ব্যাগে রাখুন কোন নথি?
যদিও এখনও পর্যন্ত ‘পিঙ্ক কার্ড’ তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। তাই প্রাথমিক পর্যায়ে মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই দুই নথির যেকোনও একটি দেখিয়েই আপাতত ফ্রি বাস পরিষেবার সুবিধা পাওয়া যেতে পারে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত।ফলে ১ জুনের পর সরকারি বাসে উঠলে পরিচয়পত্র সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কোথা থেকে মিলতে পারে ‘পিঙ্ক কার্ড’?
এখনও সরকারিভাবে কার্ড বিলির কেন্দ্র চূড়ান্ত না হলেও প্রশাসনিক মহলে কয়েকটি সম্ভাব্য জায়গার নাম উঠে আসছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে—
বিডিও অফিস
এসডিও অফিস
পুরসভা
বা স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের মাধ্যমে
এই ‘পিঙ্ক কার্ড’ বিতরণ করা হতে পারে। খুব শীঘ্রই এ নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে বলেও খবর।
চালক-কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা
নতুন এই প্রকল্প কার্যকর করতে শুধু কার্ড নয়, পরিবহণ ব্যবস্থাকেও তৈরি করা হচ্ছে। সরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যাতে মহিলা যাত্রীদের কোনও অসুবিধা না হয় এবং ফ্রি টিকিট ইস্যু প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করা যায়, সেই বিষয়েই জোর দেওয়া হচ্ছে।

রাজ্যের লক্ষাধিক মহিলা উপকৃত হতে পারেন
প্রতিদিন কর্মসূত্রে, পড়াশোনা কিংবা চিকিৎসার কাজে সরকারি বাসে যাতায়াত করেন বহু মহিলা। তাঁদের বড় অংশেরই যাতায়াত খরচ কমবে এই প্রকল্প চালু হলে। বিশেষ করে গ্রামাঞ্চল ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই উদ্যোগ বড় স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু রয়েছে। এবার সেই তালিকায় পশ্চিমবঙ্গও নাম লেখাতে চলেছে বলেই জোর চর্চা শুরু হয়েছে।

রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১ জুন থেকে এই পরিষেবা চালু হতে পারে বলে প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে। প্রথমদিকে আধার বা ভোটার কার্ড দেখিয়েই মিলবে ফ্রি যাত্রার সুবিধা। পরে দেওয়া হবে বিশেষ ‘পিঙ্ক কার্ড’।












