West Bengal Weather Update: রাজ্যে কবে জাঁকাবে শীত? আপাতত শুষ্ক আবহাওয়া, কুয়াশার সতর্কতা জারি

West Bengal Weather Update: আগামী ৫–৭ দিনে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া, ভোরে কুয়াশার সম্ভাবনা। বিস্তারিত জানুন।

শীত কি এবার দেরিতে আসছে বাংলায়? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ থেকে সাত দিনে রাজ্যের কোথাও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বড়দিনের পর থেকে বর্ষশেষ পর্যন্ত একটি শীতের স্পেল আসতে পারে, তবে আপাতত ভরসা কেবল হালকা শীতের আমেজ আর সকালের কুয়াশা।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। উপকূলবর্তী এলাকাগুলিতে পারদ নামবে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনে রোদ থাকায় শীতের আমেজ খুব একটা টের পাওয়া যাবে না।

কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা?

আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশা দেখা দিতে পারে। তবে রাজ্যজুড়ে ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গে শীত কতটা জোরালো?

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শীতের প্রভাব তুলনামূলক বেশি। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পার্বত্য অঞ্চলে রাতের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে থাকবে। উপরের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রির মধ্যে এবং মালদহ-সহ সংলগ্ন এলাকায় ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

কলকাতায় জাঁকিয়ে শীত কবে?

কলকাতায় আগামী পাঁচ থেকে সাত দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে বলেই পূর্বাভাস।

আগামী পাঁচ থেকে সাত দিনে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই আবহাওয়া থাকবে শুষ্ক। তবে ভোর ও রাতের দিকে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a comment