ভারতীয় বক্স অফিসে বর্তমানে তিনটি ছবিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে—রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’, প্রভাস অভিনীত মেগা বাজেট ছবি ‘দ্য রাজা সাব’ এবং অগস্ত্য নন্দা অভিনীত ‘ইক্কিস’। বুধবারের আয়ের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির ৪০ দিনেরও বেশি সময় পরেও ‘ধুরন্ধর’ স্থিতিশীল আয় বজায় রেখেছে, অন্যদিকে বড় বাজেট সত্ত্বেও ‘দ্য রাজা সাব’ প্রত্যাশিত গতি ধরে রাখতে পারেনি। এই দুই ছবির মাঝেই মুক্তি পাওয়া ‘ইক্কিস’-এর পারফরম্যান্সও নজরে রয়েছে।
৫ ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ দেশীয় বক্স অফিসে ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে। ছবিটি ইতিমধ্যেই ৮০০ কোটি টাকার ঘরোয়া নেট আয় অতিক্রম করেছে এবং এখনো দৈনিক কোটি টাকায় আয় করছে। মঙ্গলবার, অর্থাৎ মুক্তির ৪০তম দিনে ছবিটির আয় ছিল ২.৬ কোটি টাকা, যা বুধবার ৪১তম দিনে বেড়ে দাঁড়ায় ৩ কোটি টাকায়। এর ফলে ছবিটির মোট নেট আয় পৌঁছেছে ৮১৩.৬ কোটি টাকায়।

প্রভাস অভিনীত প্যান-ইন্ডিয়া ছবি ‘দ্য রাজা সাব’ বড় বাজেট ও তারকাবহুল অভিনয়শিল্পীর কারণে মুক্তির আগে ব্যাপক আলোচনায় ছিল। ছবি টি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলেও প্রত্যাশিত হারে আয় বাড়াতে পারেনি। মঙ্গলবার ছবিটির আয় ছিল ৪.৮ কোটি টাকা, যা বুধবার বেড়ে ৫.২৫ কোটি টাকায় পৌঁছায়। এখন পর্যন্ত ছবিটির মোট নেট আয় ১২৪.৬৫ কোটি টাকা। মারুতি পরিচালিত এই ছবিতে প্রভাসের পাশাপাশি সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনন, ঋদ্ধি কুমার, বোমান ইরানি ও জারিনা ওয়াহাব অভিনয় করেছেন।
১ জানুয়ারি মুক্তি পাওয়া অগস্ত্য নন্দা অভিনীত ছবি ‘ইক্কিস’ এখনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও এর বক্স অফিস আয় সীমিত রয়েছে। মঙ্গলবার ছবিটি আয় করে ৪২ লাখ টাকা এবং বুধবার, মুক্তির ১৪তম দিনে, আয় হয় ৫০ লাখ টাকা। সামান্য বৃদ্ধি সত্ত্বেও ছবিটির মোট নেট আয় এখন পর্যন্ত ৩০.১২ কোটি টাকায় সীমাবদ্ধ রয়েছে।








