খাওয়ার পরেই পেটে ব্যথা হচ্ছে—এই সমস্যাকে অনেকেই হজমের গোলমাল বা গ্যাস ভেবে দিনের পর দিন এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের সতর্কবার্তা, এই উপসর্গের নেপথ্যে লুকিয়ে থাকতে পারে গলব্লাডার স্টোনের মতো জটিল রোগ। অনিয়মিত জীবনযাপন ও ভ্রান্ত খাদ্যাভ্যাসের জেরে নীরবে পিত্তথলিতে পাথর জমে বড় বিপদের কারণ হতে পারে।

খাওয়ার পর পেটব্যথা কেন বিপদের সংকেত
চিকিৎসকরা জানাচ্ছেন, খাবার খাওয়ার পর যদি নিয়মিত পেটের ডান দিকের উপরের অংশে ব্যথা অনুভূত হয়, সঙ্গে বমি ভাব বা অস্বস্তি থাকে, তবে তা হালকাভাবে নেওয়া উচিত নয়। এই ব্যথা গলব্লাডারে পাথর জমার অন্যতম প্রাথমিক লক্ষণ হতে পারে।
পিত্তথলি কী এবং তার কাজ কী
লিভারের ঠিক নীচে ডানদিকে অবস্থিত ছোট অঙ্গটি হল পিত্তথলি বা গলব্লাডার। লিভারে তৈরি হওয়া পিত্তরস এখানে জমা থাকে এবং খাবার হজমে সাহায্য করে। এই পিত্তরসের স্বাভাবিক প্রবাহে বাধা এলেই সমস্যা শুরু হয়।

কীভাবে গলব্লাডারে পাথর তৈরি হয়
চিকিৎসক ডাঃ আলাহিম শেখের মতে, পিত্তে অতিরিক্ত কোলেস্টেরল বা বিলিরুবিন জমে গেলে অথবা পিত্তথলি ঠিকমতো খালি না হলে পিত্তের উপাদান ধীরে ধীরে শক্ত হয়ে পাথরের আকার নেয়। প্রথমে ছোট হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই পাথর বড় আকার ধারণ করতে পারে।
ভুল জীবনযাপনই বড় কারণ
অনিয়মিত খাওয়াদাওয়া, অতিরিক্ত তেল-মশলাযুক্ত ও ফ্যাটসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে গলব্লাডার স্টোনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি শারীরিক পরিশ্রমের অভাব ও অনিয়ন্ত্রিত জীবনযাপনও এই সমস্যাকে ত্বরান্বিত করে।

সবসময় উপসর্গ স্পষ্ট হয় না
গলব্লাডারে পাথর হলেও শুরুতেই সব লক্ষণ ধরা পড়ে না। অনেক সময় হালকা পেটব্যথা, পেট ফাঁপা বা অস্বস্তিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান মানুষ। কিন্তু এই উপসর্গই ভবিষ্যতে বড় জটিলতার রূপ নিতে পারে।
চিকিৎসকের সতর্কবার্তা
চিকিৎসকদের মতে, গলব্লাডারে পাথর হওয়া বিরল নয়। কিন্তু উপসর্গ অবহেলা করলে পাথর পিত্তরস নিঃসরণে বাধা সৃষ্টি করে তীব্র ব্যথা, সংক্রমণ এমনকি অস্ত্রোপচারের পরিস্থিতি তৈরি করতে পারে।

খাবার খাওয়ার পর বারবার পেটে ব্যথা, বমি ভাব বা পেট ফাঁপার সমস্যা অবহেলা করলে ডেকে আনতে পারে বড় বিপদ। চিকিৎসকদের মতে, এই উপসর্গ গলব্লাডার বা পিত্তথলিতে পাথর জমার ইঙ্গিত হতে পারে। সময়মতো সতর্ক না হলে জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে।










