গরম বাড়তে শুরু করলেই বাড়িতে দই পাতার পর দেখা যায় আরেক সমস্যা—রাতারাতি টক হয়ে যাচ্ছে দই। অনেকেই ভাবেন এটি এড়ানোর কোনও উপায় নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দই সংরক্ষণের কিছু সহজ পদ্ধতি মেনে চললে গরমকালেও দই রাখা যায় টাটকা, ঘন এবং হালকা মিষ্টি স্বাদের।

ফ্রিজে কোথায় রাখবেন দই
দই দীর্ঘ সময় ভাল রাখতে হলে ফ্রিজে সঠিক জায়গায় রাখা খুব গুরুত্বপূর্ণ।বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের মাঝের তাকে দই রাখা সবচেয়ে ভাল। কারণ সেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে।এছাড়া বারবার ফ্রিজ থেকে দই বের করে আবার ভিতরে রাখলে দই দ্রুত টক হয়ে যেতে পারে।
সঠিক পাত্রে রাখাও জরুরি
দই সংরক্ষণের ক্ষেত্রে পাত্রের ধরনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনেকে প্লাস্টিক বা স্টিলের পাত্রে দই রাখলেও বিশেষজ্ঞরা পরিষ্কার কাচের পাত্রে দই রাখার পরামর্শ দেন। এতে দইয়ের স্বাভাবিক স্বাদ ও গুণমান দীর্ঘ সময় বজায় থাকে।

সবসময় ঢেকে রাখুন দইয়ের পাত্র
ফ্রিজে দই রাখার সময় অনেকেই ঢাকনা ছাড়া পাত্র রেখে দেন। এতে বাতাস ও আর্দ্রতা দইয়ের মধ্যে ঢুকে পড়ে।ফলে দই দ্রুত টক হয়ে যেতে পারে। তাই দইয়ের পাত্র সবসময় শক্ত করে ঢেকে রাখা জরুরি।
দই টক হওয়া কমাতে ঘরোয়া উপায়
অনেক বাড়িতে একটি সহজ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করা হয়।দইয়ের পাত্রে একটি ছোট শুকনো নারকেলের টুকরো রেখে দিলে দইয়ের সতেজতা কিছুটা বেশি সময় ধরে বজায় থাকে বলে মনে করা হয়। বহুদিন ধরেই এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে।

টক হয়ে গেলে কী করবেন
যদি দই সামান্য টক হয়ে যায়, তবুও সেটি কিছুটা ঠিক করা সম্ভব।
দই জমে যাওয়ার পরে তার উপর এক বা দুই চামচ ঠান্ডা করা ফুটানো দুধ ঢেলে দিলে টকভাব কিছুটা কমে যেতে পারে এবং স্বাদও ভালো লাগে।

গরমের দিনে বাড়িতে বানানো দই দ্রুত টক হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই হয়। তবে বিশেষজ্ঞদের মতে, সংরক্ষণের কয়েকটি সহজ নিয়ম মেনে চললে দই দীর্ঘ সময় টাটকা ও সুস্বাদু রাখা সম্ভব।




