নতুন বছরের প্রথম দিনেই ভারতের রেল মানচিত্রে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি জানালেন, ২০২৭ সালের ১৫ অগাস্টের আগেই ভারতে ছুটবে প্রথম বুলেট ট্রেন। দেশের প্রথম হাই স্পিড রেল করিডর হিসেবে মুম্বই-আমদাবাদ রুটেই শুরু হবে এই ঐতিহাসিক পরিষেবা।
ধাপে ধাপে চালু হবে বুলেট ট্রেন পরিষেবা
রেলমন্ত্রী জানিয়েছেন, একসঙ্গে পুরো রুট নয়, ধাপে ধাপে চালু হবে বুলেট ট্রেন পরিষেবা। প্রথম পর্যায়ে সুরাট থেকে বিলমোড়া পর্যন্ত বুলেট ট্রেন চলবে। এরপর বাপি-সুরাট, তারপর বাপি-আমদাবাদ রুট খুলবে। পরবর্তী ধাপে ঠানে থেকে আমদাবাদ পর্যন্ত পরিষেবা চালু হবে এবং সবশেষে পুরো মুম্বই-আমদাবাদ রুট যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।
মুম্বই-আমদাবাদ রুটে কী বিশেষত্ব?
মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন করিডরটি প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ। এই রুটে বুলেট ট্রেন চলবে সর্বোচ্চ ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে। সবকিছু পরিকল্পনামতো চললে, পুরো যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট, যা বর্তমান ট্রেন বা সড়ক যাত্রার তুলনায় অনেকটাই কম।
ভারতের প্রথম হাই স্পিড রেল করিডর
এই প্রকল্পটি ভারতের প্রথম হাই স্পিড রেল করিডর হতে চলেছে। ২০১৭ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। প্রাথমিকভাবে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নেওয়া হলেও জমি অধিগ্রহণ, প্রশাসনিক জটিলতা এবং অন্যান্য সমস্যার কারণে কাজ শেষ হতে কিছুটা দেরি হয়েছে।
স্বাধীনতা দিবসের আগেই ঐতিহাসিক মুহূর্ত
রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৫ অগাস্টের আগেই বুলেট ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের আগেই দেশের পরিবহণ ব্যবস্থায় এই ঐতিহাসিক সংযোজন বাস্তবায়িত হলে, ভারতের আধুনিক রেল যাত্রায় এক নতুন অধ্যায় শুরু হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন পরিষেবা চালু হতে চলেছে ২০২৭ সালের ১৫ অগাস্টের আগেই। প্রথমে মুম্বই-আমদাবাদ রুটে ধাপে ধাপে চালু হবে এই হাই স্পিড রেল পরিষেবা, জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।











