সাংখ্যিকি ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক (MoSPI) নতুন জাতীয় আয় সিরিজের অধীনে তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি তথ্য প্রকাশ করেছে। অক্টোবর–ডিসেম্বর ২০২৫ ত্রৈমাসিকে দেশের অর্থনীতি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের একই সময়ের ৭.৪ শতাংশের তুলনায় বেশি।
মন্ত্রক জানিয়েছে, নতুন জাতীয় আয় সিরিজের ভিত্তিবর্ষ ২০২২-২৩ নির্ধারণ করা হয়েছে। পূর্ববর্তী সিরিজের ভিত্তিবর্ষ ছিল ২০১১-১২। নতুন সিরিজে জিডিপি নিরূপণে পণ্য ও পরিষেবা কর (GST), ই-যান এবং গৃহস্থালি পরিষেবা—যেমন রাঁধুনি, চালক ও গৃহসহায়কদের প্রদত্ত পরিষেবা—অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রক অর্থবছর ২০২৫-২৬-এর জন্য সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির অনুমানও প্রকাশ করেছে। পুরো অর্থবছরে অর্থনীতি ৭.৬ শতাংশ হারে বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছে। পূর্বে এই অনুমান ছিল ৭.৪ শতাংশ। এই অনুমানে নির্মাণ, পরিষেবা, শিল্প ও কৃষি খাতের কার্যকলাপ অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন সিরিজে জুলাই–সেপ্টেম্বর ২০২৫-২৬ ত্রৈমাসিকের বৃদ্ধির হার সংশোধন করে ৮.৪ শতাংশ করা হয়েছে, যা আগে ৮.২ শতাংশ ছিল। একই সময়ে এপ্রিল–জুন ত্রৈমাসিকের বৃদ্ধির হার ৭.৮ শতাংশ থেকে কমিয়ে ৬.৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সংশোধন নতুন গণনা পদ্ধতি ও হালনাগাদ ভিত্তিবর্ষের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে।
নতুন সিরিজে আয়, উৎপাদন ও ব্যয়ের অনুমান সংশোধিত কাঠামোর অধীনে প্রস্তুত করা হয়েছে। এতে ডিজিটাল লেনদেন, ই-যান, গৃহস্থালি পরিষেবা, জিএসটি এবং অন্যান্য পরোক্ষ করের প্রভাব অন্তর্ভুক্ত রয়েছে।












