ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে ২০২৫ সাল শুধুই একটি বছর নয়, এটি একটি যুগান্তকারী অধ্যায়। ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়ার পর যে শিরোপার স্বপ্ন বারবার অধরাই থেকে গিয়েছিল, অবশেষে ৪৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল ভারতের মেয়েরা। ঘরের মাঠে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে দেশের ক্রিকেট মানচিত্রে নতুন অধ্যায় যোগ করল হরমনপ্রীত কউরদের দল।

বছরের শুরুতেই আত্মবিশ্বাসের ভিত
২০২৫ সালের শুরু থেকেই আলাদা ছন্দে ধরা দেয় ভারতীয় মহিলা দল। স্মৃতি মন্ধানার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩–০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে বছর শুরু করে ভারত। সেই সিরিজে প্রতিকা রাওয়ালের ব্যাটিং পারফরম্যান্স দলের মিডল অর্ডারকে আরও মজবুত করে তোলে।
ত্রিদেশীয় সিরিজে শিরোপা, বার্তা স্পষ্ট
শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এই জয় বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস কয়েক ধাপ বাড়িয়ে দেয়। চাপের মুহূর্তে ম্যাচ বের করে নেওয়ার মানসিকতাই তখন স্পষ্ট হয়ে ওঠে।
ইংল্যান্ড সফরে ইতিহাস লেখা
ইংল্যান্ড সফর ছিল ২০২৫ সালের অন্যতম বড় সাফল্য। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩–২ ব্যবধানে জয় পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার সিরিজ জয়ের নজির গড়ে ভারত। পাশাপাশি হরমনপ্রীত কউরের দুরন্ত সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজও নিজেদের দখলে নেয় দল।

পরাজয়ই হয়ে ওঠে শিক্ষাগুরু
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারলেও সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নেয় ভারত। ম্যাচ ফিনিশ করার দুর্বলতা ও বোলিং রোটেশন নিয়ে কাজ শুরু হয়, যার সুফল মেলে বিশ্বকাপে।
বিশ্বকাপে নাটকীয় প্রত্যাবর্তন
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে শুরুটা ভালো হলেও মাঝপথে টানা হার চাপ বাড়ায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রায় ‘ডু-অর-ডাই’ ম্যাচে জয়ই ঘুরিয়ে দেয় ভারতের ভাগ্য।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস
সেমিফাইনালে টানা ১৫ ম্যাচ অপরাজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করে ঐতিহাসিক জয় পায় ভারত। জেমিমাহ রড্রিগেসের অনবদ্য সেঞ্চুরি বিশ্বকাপের সেরা ইনিংসগুলোর একটি হয়ে ওঠে।
ফাইনালে দীপ্তির দাপট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে শেফালি ভার্মার ৮৭ রানের ইনিংস ও দীপ্তি শর্মার পাঁচ উইকেট ভারতের জয় নিশ্চিত করে। প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন দীপ্তি।

দীর্ঘ ৪৭ বছর পর ঘরের মাঠে আইসিসি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৫ সাল জুড়ে একের পর এক সিরিজ জয়, রেকর্ড গড়া পারফরম্যান্স ও তরুণ প্রতিভার উত্থানে এই বছর চিরস্মরণীয় হয়ে রইল।













