Offbeat Hill Station: পাইনবনে মেঘ-কুয়াশার লুকোচুরি! কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পুজোয় ঘুরে আসুন কালিম্পংয়ের এই পাহাড়ি ঠিকানায়

Offbeat Hill Station হিসেবে কালিম্পংয়ের লাভা পুজোর ছুটিতে হতে পারে দারুণ গন্তব্য। পাইন ফরেস্ট, মেঘ-কুয়াশা, ঝরনা ও কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের পাশাপাশি জানুন লাভার পুজোর আবহ।

শহরের ব্যস্ততা থেকে কয়েক দিনের জন্য পালিয়ে যেতে চান? চোখের সামনে পাহাড়, চারপাশে পাইনগাছ আর আচমকা জানলার বাইরে নেমে আসা মেঘ-কুয়াশা—এমন পরিবেশে পুজোর ছুটি কাটাতে চাইলে গন্তব্য হতে পারে কালিম্পংয়ের লাভা। পাহাড়ের পাকদণ্ডী রাস্তা, সবুজ বন আর দূরে কাঞ্চনজঙ্ঘার ঝলক এই ছোট্ট পাহাড়ি জনপদকে করে তোলে আরও আকর্ষণীয়। শরতের মরশুমে তাই পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত লাভা।

মেঘ-কুয়াশায় মোড়া পাহাড়ি সকাল

লাভার অন্যতম বড় আকর্ষণ তার প্রাকৃতিক পরিবেশ। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা বাড়িঘর, চারপাশের সবুজ আর তার মাঝ দিয়ে কখনও মেঘ, কখনও কুয়াশার আনাগোনা—প্রকৃতিপ্রেমীদের জন্য দৃশ্যটি নিঃসন্দেহে উপভোগ্য।সকালে জানলা খুললেই কুয়াশায় ঢাকা পাহাড় কিংবা মেঘের চাদরে মোড়া রাস্তা দেখা যেতে পারে। আবহাওয়া পরিষ্কার থাকলে দূর থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যও উপভোগ করার সুযোগ মেলে।

শরতে লাভার সৌন্দর্য আরও অন্যরকম

পাহাড়ি ফুলের গন্ধ, পাইনবনের সবুজ আর ঠান্ডা মনোরম আবহাওয়া—লাভার চেনা সৌন্দর্য শরৎকালে যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দুর্গাপুজোর ছুটিকে সামনে রেখে ইতিমধ্যেই পর্যটকদের স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়েছে।এলাকার রাস্তার দু'ধারে রঙিন কাগজের পতাকা দিয়ে সাজানোর কাজও চলছে। স্থানীয় বাসিন্দা এবং হোটেল ব্যবসায়ীরা এখন পর্যটকদের আগমনের অপেক্ষায়।

পুজোয় পাহাড়েই মিলবে উমার আরাধনার আমেজ

লাভায় ছোট পরিসরে দুর্গাপুজোর আয়োজনও হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে শুধু পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য নয়, পুজোর সময় এখানকার স্থানীয় উৎসবের আবহও উপভোগ করতে পারবেন পর্যটকেরা।সমতলের মতো বড় আয়োজন না হলেও পাহাড়ের শান্ত পরিবেশে পুজোর আনন্দ পাওয়ার অভিজ্ঞতা হতে পারে একেবারেই আলাদা।

পর্যটনের উপর নির্ভর স্থানীয় অর্থনীতি

লাভার বহু বাসিন্দার জীবিকা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। হোটেল, হোমস্টে এবং অন্যান্য পর্যটন পরিষেবার উপর স্থানীয় অর্থনীতির একটা বড় অংশ নির্ভরশীল।তাই দুর্গাপুজোর পর্যটন মরশুম স্থানীয় ব্যবসায়ীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকের আনাগোনা বাড়লে স্বাভাবিকভাবেই তাঁদের ব্যবসায়ও গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

পাইন ফরেস্টে ঘুরে দেখুন প্রকৃতির আরেক রূপ

লাভার পাইন ফরেস্ট পর্যটকদের অন্যতম আকর্ষণ। বর্তমানে পর্যটন মরশুমে বন দফতরের নিয়ম অনুযায়ী মাত্র ২০ টাকা প্রবেশমূল্য দিয়ে এই জঙ্গলে ঢোকা যায়।তবে জঙ্গলের পরিবেশ রক্ষায় বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে প্লাস্টিকজাতীয় সামগ্রী নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা এবং বনাঞ্চলের পরিবেশ রক্ষায় বনকর্মীরাও নজরদারি চালান।

লাভা গেট থেকে ঝরনার পথ

লাভা গেটের সামনে ছবি তোলার জন্য পর্যটকদের আনাগোনা এখনও তুলনামূলক কম। তবে পুজোর ছুটিতে পর্যটকের সংখ্যা অনেকটাই বাড়বে বলে আশা স্থানীয়দের।লাভা থেকে কিছুটা এগোলেই রাস্তার দু'ধারে পাহাড়ের বুক থেকে নেমে আসা প্রাকৃতিক ঝরনাও চোখে পড়ে। ফলে গন্তব্যে পৌঁছনোর পথটুকুও হয়ে উঠতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

দুর্গাপুজোয় দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে নিরিবিলি পাহাড়ে সময় কাটাতে চাইলে কালিম্পং জেলার লাভা হতে পারে দারুণ গন্তব্য। পাইনবন, মেঘ-কুয়াশা, পাহাড়ি ফুলের গন্ধ এবং পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য—সব মিলিয়ে শরতের লাভা পর্যটকদের জন্য তৈরি করছে অন্যরকম আবহ। রয়েছে পাইন ফরেস্ট, প্রাকৃতিক ঝরনা এবং পাহাড়ি পরিবেশে পুজোর আনন্দও।

Leave a comment