পুজো মানেই নতুন জামাকাপড়, কেনাকাটা আর বাড়ি সাজানোর তোড়জোড়। পুরোনো বাড়িকে একেবারে নতুনের মতো দেখাতে অনেকেই দামি শো-পিস বা নতুন ডেকোরেশনের কথা ভাবেন। কিন্তু খরচ না বাড়িয়েও ঘরের চেহারায় বড় পরিবর্তন আনা সম্ভব। কয়েকটি কম পরিচর্যার Indoor Plant ঘরের সঠিক জায়গায় রাখলেই বদলে যেতে পারে অন্দরসজ্জার মেজাজ। রইল এমনই ৮টি গাছের তালিকা।
অ্যালোভেরা
ঘরের জন্য কম ঝামেলার গাছ চাইলে অ্যালোভেরা রাখতে পারেন। এর ঘন ও আকর্ষণীয় পাতা ঘরের কোণে সবুজের ছোঁয়া এনে দেয়। খুব বেশি জায়গারও প্রয়োজন হয় না। পাশাপাশি অ্যালোভেরার নানা প্রচলিত ব্যবহারও রয়েছে।
জেড প্ল্যান্ট
যাঁরা নিয়মিত গাছে জল দিতে পারেন না, তাঁদের জন্য জেড প্ল্যান্ট বেশ সুবিধাজনক। অতিরিক্ত জল না দিয়েও এই গাছ রাখা যায়। জানালার ধারে, টেবিলের কোণে বা কোনও শেলফে ছোট টবে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে।
পটহোজ
বাড়ির অন্দরসজ্জায় বহুদিন ধরেই জনপ্রিয় পটহোজ। এর বড়, সবুজ পাতার লতা ঘরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। টবটি শেলফে রাখা যায়, আবার ঝুলিয়েও সাজানো যায়। ছোট ঘরেও এই গাছ দিয়ে সুন্দর সবুজ কোণ তৈরি করা সম্ভব।
স্পাইডার প্ল্যান্ট
ঝাঁকড়া পাতার গাছ পছন্দ হলে স্পাইডার প্ল্যান্ট বেছে নিতে পারেন। ছোট টেবিলের উপর কিংবা ঝুলন্ত টবে রাখলে এর পাতার আকৃতি ঘরের সাজে আলাদা মাত্রা যোগ করে। খুব বেশি জায়গা না নিয়েও নজর কাড়ে এই গাছ।
পিস লিলি
ঘরে ফুলের সৌন্দর্য চাইলে পিস লিলি হতে পারে সুন্দর বিকল্প। সবুজ পাতার মাঝে সাদা ফুল ফুটলে ঘরের সাজ অনেকটাই বদলে যায়। পুজোর সময় ঘরের কোনও উজ্জ্বল জায়গায় এই গাছ রাখলে বেশ আকর্ষণীয় দেখাতে পারে।
চাইনিজ এভারগ্রিন
সবুজ পাতার সঙ্গে লালচে বা অন্য রঙের ছোপ—চাইনিজ এভারগ্রিনের এই বৈচিত্র্য ঘরের সাজে রঙের সংযোজন করে। সাধারণ পাতাবাহারের বদলে একটু অন্যরকম দেখতে গাছ চাইলে এটি বেছে নিতে পারেন। টবটি বসার ঘর বা জানালার পাশে রাখা যায়।
বার প্ল্যান্ট
ঘরের কোনও একটি কোণকে চোখে পড়ার মতো করে তুলতে চাইলে রবার প্ল্যান্ট বেশ কার্যকর। বড় বড় পাতা এবং তুলনামূলক বেশি উচ্চতার কারণে এটি ঘরের একটি ফোকাল পয়েন্ট তৈরি করতে পারে। সুন্দর একটি টবে গাছটি রাখলেই আলাদা করে বেশি ডেকোরেশনের প্রয়োজন পড়ে না।
পার্লার পাম
হোটেল, রেস্তরাঁ কিংবা বিভিন্ন ইনডোর স্পেসে দেখা যায় পার্লার পাম। বাড়ির অন্দরসজ্জাতেও এই গাছ বেশ মানানসই। ঘরের কোনও ফাঁকা কোণে বড় টবে রাখলে জায়গাটি একেবারে বদলে যেতে পারে। নিয়মিত অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজনও হয় না।
গাছ রাখার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন
ইনডোর প্লান্ট হলেও সব গাছকে একেবারে অন্ধকার ঘরে রাখা ঠিক নয়। গাছের প্রয়োজন অনুযায়ী পরোক্ষ আলো বা পর্যাপ্ত আলো পৌঁছচ্ছে কি না, তা খেয়াল করা জরুরি। পাশাপাশি টবের মাটি অতিরিক্ত ভিজে থাকছে কি না সেটিও দেখতে হবে।পুজোর আগে নতুন গাছ কেনার পাশাপাশি পুরোনো টবগুলিও পরিষ্কার করে নিতে পারেন। শুকনো পাতা বাদ দিয়ে টবের চারপাশ পরিষ্কার রাখলে অন্দরসজ্জা আরও ঝকঝকে দেখাবে।
পুজোর আগে বাড়ির অন্দরসজ্জায় বড়সড় পরিবর্তন আনতে সবসময় দামি শো-পিস বা নতুন আসবাবের প্রয়োজন নেই। অল্প খরচে কয়েকটি সুন্দর ইনডোর প্লান্ট দিয়েই ঘরে আনা যায় সতেজ সবুজের ছোঁয়া। অ্যালোভেরা থেকে পার্লার পাম—সহজে পরিচর্যা করা যায় এমন ৮টি গাছ হতে পারে ঘর সাজানোর দারুণ উপায়।













