ভারতীয় সিনেমার অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা তাঁদের নবজাতক যমজ সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ঐতিহ্যবাহী নামকরণ অনুষ্ঠানের পর দম্পতি তাঁদের ছেলে ও মেয়েকে পরিবার ও জনসমক্ষে পরিচয় করিয়ে দেন।
নামকরণ অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে শিশুদের নাম ঘোষণা করা হয়। ৩১ জানুয়ারি রাম চরণ ও উপাসনা তাঁদের যমজ সন্তানের জন্মের কথা জানান। অনুষ্ঠানটি ধর্মীয় আচার ও পারিবারিক প্রথা অনুযায়ী সম্পন্ন হয়।
দম্পতি তাঁদের ছেলের নাম রেখেছেন শিবরাম এবং মেয়ের নাম অনভীরা দেবী। রাম চরণ জানান, সন্তানের নাম নির্বাচন তাঁদের জন্য ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, “আমাদের দু’জনের জন্য নামকরণ একটি ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্ত ছিল। আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি, তবে আমাদের বাবা-মায়েরা এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আমাদের সংস্কৃতিতে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‘ভীরা’ শব্দের অর্থ সাহসী। ‘অন’ উপসর্গটি অসীম বা অনন্ত অর্থ নির্দেশ করে। ‘দেবী’ শব্দটি ঐশ্বরিকতা ও নারীত্বের প্রতীক। অনভীরা দেবী নামটি অসীম সাহস ও ঐশ্বরিক নারীত্বের ধারণা বহন করে।
শিবরাম নামটি হিন্দু ধর্মের দুই দেবতা শিব ও রাম থেকে অনুপ্রাণিত। নামটি শক্তি, সংযম, ভক্তি ও ধর্মের পথের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
পরিবারের প্রথা অনুযায়ী যমজ সন্তানের জন্ম তাঁদের বড় বোনের সঙ্গে একই কক্ষে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের সময়ও জ্যোতিষীয় বিশ্বাস বিবেচনায় নেওয়া হয়েছিল।
রাম চরণ ও উপাসনা ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জুন ২০২৩-এ তাঁদের প্রথম কন্যা ক্লিন কারার জন্ম হয়। যমজ সন্তানের আগমনের মাধ্যমে তাঁদের পরিবার সম্প্রসারিত হয়েছে।








