বাড়ির ছাদ বা বারান্দায় যত্ন করে লাগানো গোলাপ গাছ, কিন্তু ফুল নেই—এমন সমস্যায় ভুগছেন বহু বাগানপ্রেমী। সার, জল বা রোদ ঠিক থাকলেও যদি গাছে কুঁড়ি না আসে, তবে সমস্যার আসল কারণ লুকিয়ে রয়েছে একটি ছোট ভুলে। নার্সারির মালি ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোলাপ গাছে থাকা ‘এলা ডাল’ না কাটলেই আটকে যাচ্ছে ফুল।
সৌন্দর্যের রানী হলেও যত্নে সামান্য ভুলেই সমস্যা
সুগন্ধ আর সৌন্দর্যের কারণে গোলাপকে ফুলের রানী বলা হয়। ঘর সাজানো থেকে শুরু করে উৎসব, উপহার কিংবা বাণিজ্যিক চাষ—সব ক্ষেত্রেই গোলাপের জনপ্রিয়তা অটুট। সেই কারণেই শহর ও গ্রাম মিলিয়ে বহু মানুষ শখের বসে গোলাপ গাছ লাগান। কিন্তু যত্নে সামান্য ভুল হলেই গাছ ফুল দেওয়া বন্ধ করে দেয়।

গাছ সবুজ, তবু ফুল নেই—কেন?
অনেক সময় দেখা যায়, গোলাপ গাছ বেশ বড় হচ্ছে, ডালপালা সবুজ ও সতেজ, কিন্তু কুঁড়ির কোনও দেখা নেই। এই অবস্থায় বেশিরভাগ মানুষ বেশি সার বা জল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হয় না। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার প্রধান কারণ হল ‘এলা ডাল’।
কী এই এলা ডাল?
এলা ডাল সাধারণত গোলাপ গাছের গোড়া বা মাটির কাছের অংশ থেকে বেরিয়ে আসে। এই ডালগুলি অত্যন্ত দ্রুত বাড়ে এবং দেখতে বেশ শক্তপোক্ত হয়। নতুন বাগানপ্রেমীরা অনেক সময় একে ভালো ডাল ভেবে রেখে দেন, কিন্তু বাস্তবে এই ডাল গাছের জন্য সবচেয়ে ক্ষতিকর।

সহজে চিনবেন কীভাবে?
এলা ডাল চেনার সবচেয়ে সহজ উপায় হল পাতার সংখ্যা। সাধারণত এই ডালে একসঙ্গে সাতটি পাতা দেখা যায়। পাশাপাশি লক্ষ্য করলে বোঝা যাবে, এই ডালে কখনও কুঁড়ি বা ফুল ধরে না। অথচ গাছের দেওয়া সার ও জল সবচেয়ে বেশি টেনে নেয় এই ডালই।
কেন এলা ডাল কেটে ফেলা জরুরি?
এলা ডাল গাছের মূল শক্তি শুষে নেওয়ার ফলে আসল ডালগুলি পুষ্টির অভাবে দুর্বল হয়ে পড়ে। ফলস্বরূপ ফুল আসার ক্ষমতা কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাই এলা ডাল দেখা মাত্রই গাছের গোড়া থেকে কেটে ফেলাই একমাত্র কার্যকর সমাধান।
নার্সারির মালির টিপস
নার্সারির উদ্যোক্তা নুরুল ইসলাম জানাচ্ছেন,“নিয়মিত এলা ডাল ছাঁটাই করলে গাছের শক্তি সঠিক ডালে কাজে লাগে। সঙ্গে পর্যাপ্ত রোদ, সঠিক জল ও সারের ব্যবহার করলে এক গাছেই প্রচুর গোলাপ ফোটে। বিশেষ করে শীতের মরশুমে গোলাপের যত্ন নিলে ফল সবচেয়ে ভালো পাওয়া যায়।”
গোলাপ গাছ সবুজ ও সতেজ হলেও ফুল না এলে সমস্যার মূল কারণ হতে পারে ‘এলা ডাল’। নার্সারির অভিজ্ঞ মালিদের মতে, এই ডাল সঠিক সময়ে কেটে ফেললেই গাছ হবে আরও সবল এবং এক গাছেই ফুটতে পারে অসংখ্য গোলাপ।













