ট্রেনের টিকিট না পাওয়া কিংবা দীর্ঘ ওয়েটিং লিস্টের ঝামেলায় পড়তে হয় বহু যাত্রীকে। সেই সমস্যার সমাধান করতেই শিলিগুড়ি থেকে নয়াদিল্লির মধ্যে চালু হয়েছে নিয়মিত স্লিপার বাস পরিষেবা। উত্তরবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশের যাত্রীদের জন্য এই নতুন পরিষেবা ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি করেছে।
প্রতিদিন চলবে শিলিগুড়ি-দিল্লি বাস
২৪ জুলাই থেকে নিয়মিত পরিষেবা শুরু করেছে ভলভো স্লিপার বাস। প্রতিদিন সকাল ৮:৩০ মিনিটে শিলিগুড়ি থেকে বাস ছাড়ে এবং পরের দিন সকাল ৮:৪৫ মিনিটে দিল্লির কাশ্মীরী গেট আইএসবিটিতে পৌঁছয়। অর্থাৎ, প্রায় ২৪ ঘণ্টা ১৫ মিনিটে রাজধানীতে পৌঁছানো সম্ভব।অন্যদিকে, দিল্লি থেকে প্রতিদিন দুপুর ২টোয় বাস ছাড়ে এবং পরের দিন দুপুর ১২:১৫ মিনিটে শিলিগুড়ি পৌঁছয়।
কোন কোন শহর হয়ে যাবে যাত্রা?
এই বাসের রুটে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ শহর ও স্টপেজ। শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড, শিবমন্দির, বাগডোগরা, ঘোষপুকুর, ইসলামপুর, কিষাণগঞ্জ, ডালখোলা, পূর্ণিয়া, আরারিয়া, ফোর্বিসগঞ্জ, সাকরি, দ্বারভাঙ্গা, মুজাফফরপুর, গোপালগঞ্জ, গোরখপুর, লখনউ, হাপুর এবং নয়ডা সেক্টর-৬২ হয়ে বাস পৌঁছবে দিল্লিতে।ফলে শুধু দিল্লিই নয়, বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন শহরেও এই বাসে সহজে যাতায়াত করা যাবে।
ভাড়া কত হতে পারে?
বাস সংস্থার তথ্য অনুযায়ী, সাধারণ সিটের সম্ভাব্য ভাড়া ১,২০০ থেকে ২,০০০ টাকা এবং স্লিপার বার্থের ভাড়া ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হতে পারে।তবে এটি ডায়নামিক ফেয়ার হওয়ায় চাহিদা, বুকিংয়ের সময় এবং আসনের প্রাপ্যতার উপর ভিত্তি করে ভাড়ায় পরিবর্তন হতে পারে।
কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
যাঁরা ট্রেনের কনফার্ম টিকিট পান না বা বিমানের তুলনায় কম খরচে দীর্ঘপথে ভ্রমণ করতে চান, তাঁদের জন্য এই পরিষেবা একটি কার্যকর বিকল্প হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশের যাত্রীদের জন্যও এটি আরও সহজ যোগাযোগের নতুন সুযোগ তৈরি করবে।
উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বড় সুখবর। শিলিগুড়ি থেকে সরাসরি নয়াদিল্লি যাওয়ার নিয়মিত স্লিপার বাস পরিষেবা শুরু হয়েছে। প্রতিদিন চলাচলকারী এই ভলভো বাসে ট্রেনের বিকল্প হিসেবে স্বাচ্ছন্দ্যে রাজধানীতে পৌঁছনো যাবে। জেনে নিন সময়সূচি, সম্ভাব্য ভাড়া, রুট এবং বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য।









