দীর্ঘ টানাপোড়েনের অবসান। SIR শুনানিতে ‘পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট’ গ্রহণযোগ্য নয়—এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ দিনে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে শর্ত স্পষ্ট—সব ধরনের সার্টিফিকেট নয়, নির্দিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের জারি করা নথিই কেবল মান্য হবে।
SIR শুনানিতে বদল কমিশনের অবস্থান
নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, SIR শুনানির জন্য ১১টি নির্দিষ্ট নথি জমা দেওয়া যাবে। সেই তালিকায় ছিল ‘পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট’ বা ডোমিসাইল সার্টিফিকেট। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরে জানানো হয়, এই নথি আর গ্রহণযোগ্য নয়।এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক।
কেন আপত্তি উঠেছিল ডোমিসাইল সার্টিফিকেটে
কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, কীভাবে এই সার্টিফিকেট ইস্যু করা হয়। রাজ্য জানায়,
১৯৯৯ সাল পর্যন্ত শুধুমাত্র জেলাশাসকরা এই সার্টিফিকেট দিতেন
পরে অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকরাও ইস্যু করতে শুরু করেন তবে কমিশনের অভিযোগ ছিল, রাজ্যে সার্টিফিকেট ইস্যুর পদ্ধতি সব ক্ষেত্রে সরকারি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি কোথাও কোথাও পুরসভা থেকেও এই সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে, যা কমিশনের মতে গ্রহণযোগ্য নয়।
৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিতে স্পষ্ট নির্দেশ
এই জটিলতার মধ্যেই ৬ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানায়—
শুধুমাত্র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক (SDO) কর্তৃক ইস্যু করা ‘পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট’ই SIR শুনানিতে গ্রহণযোগ্য হবে।
এই ধরনের সার্টিফিকেট থাকলে ERO ও AERO-রা তা গ্রহণ করতে পারবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি ও সুপ্রিম কোর্টে প্রশ্ন
উল্লেখযোগ্যভাবে, ‘পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট’ কেন গ্রহণযোগ্য হচ্ছে না—এই প্রশ্ন তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি অভিযোগ করেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আলাদা নিয়ম প্রয়োগ করা হচ্ছে। এমনকি SIR সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টেও এই বিষয়টি নিয়ে সওয়াল করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
SIR (Special Intensive Revision) শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন জানাল, নির্দিষ্ট কর্তৃপক্ষের জারি করা ‘পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট’ বা ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক কর্তৃক ইস্যু করা সার্টিফিকেটই কেবল গ্রাহ্য হবে বলে জানানো হয়েছে।













