স্মার্টফোন চার্জে দিয়েছিলেন রাতে, কিন্তু সকালে উঠে দেখছেন ব্যাটারি অনেকটাই কম! অথচ মাঝখানে ফোন ছোঁয়াও হয়নি। এই অভিজ্ঞতা এখন প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীরই। প্রশ্ন হল—ফোন ব্যবহার না করেও ব্যাটারি এত দ্রুত খালি হয়ে যাচ্ছে কেন? এর নেপথ্যে রয়েছে ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা কিছু ‘নীরব খরচকারী’।

দুর্বল নেটওয়ার্কই বড় শত্রু
যখন ফোনে নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল থাকে, তখন স্মার্টফোন ক্রমাগত ভালো নেটওয়ার্ক খোঁজে। এই ‘নেটওয়ার্ক সার্চ’ প্রক্রিয়ায় ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। বিশেষ করে 5G নেটওয়ার্কের ক্ষেত্রে সিগন্যাল দুর্বল হলে ব্যাটারি আরও দ্রুত ড্রেন হতে শুরু করে।
ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ
আপনি ব্যবহার না করলেও ফোনের অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। ইমেল, সোশ্যাল মিডিয়া, ক্লাউড অ্যাপ—সবই নিয়মিত ডেটা সিঙ্ক করে। এর ফলে ফোন ব্যবহার না করেও ব্যাটারি খরচ চলতেই থাকে। যেসব অ্যাপ খুব কম ব্যবহার করেন, সেগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি সীমিত করা জরুরি।

অপ্রয়োজনীয় নোটিফিকেশন
প্রতিটি নোটিফিকেশনের সঙ্গে ফোনের স্ক্রিন জ্বলে ওঠে ১০–১৫ সেকেন্ডের জন্য। দিনে যদি কয়েক ডজন নোটিফিকেশন আসে, তাহলে ব্যাটারির ক্ষয় হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও শপিং অ্যাপের নোটিফিকেশন ব্যাটারির উপর বড় প্রভাব ফেলে।
সফটওয়্যার বা অ্যাপের সমস্যা
পুরনো সফটওয়্যার বা বাগযুক্ত অ্যাপ অনেক সময় ব্যাটারি ড্রেনের বড় কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত আপডেট না থাকলে ফোনের কর্মক্ষমতা কমে এবং ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় লোড পড়ে। সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলেও এই সমস্যা অনেকটাই কমে।

অতিরিক্ত গরম হওয়াও ইঙ্গিত
ফোন ব্যবহার না করেও যদি ডিভাইস গরম লাগে, তাহলে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা অস্বাভাবিকভাবে কাজ করছে। এটি ব্যাটারির স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

অনেক সময় ফোন ব্যবহার না করলেও ব্যাটারি অস্বাভাবিক দ্রুত শেষ হয়ে যায়। এর জন্য দায়ী দুর্বল নেটওয়ার্ক, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ, অপ্রয়োজনীয় নোটিফিকেশন ও সফটওয়্যার সমস্যার মতো একাধিক কারণ। কীভাবে এগুলো ব্যাটারি ড্রেন করে, আর কী করলেই মিলবে সমাধান—রইল বিস্তারিত।













