হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা। আগামী ফেব্রুয়ারিতেই কার্যকর হতে চলেছে নতুন ‘সিম বাইন্ডিং’ নিয়ম। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে মূল সিম কার্ড লিঙ্ক না থাকলে অ্যাপটি সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। সারা দেশের কোটি কোটি ব্যবহারকারীর উপর সরাসরি প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্ত।

কী এই ‘সিম বাইন্ডিং’ নিয়ম?
নতুন নিয়ম অনুযায়ী, যে সিম কার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, সেই সিমটি অবশ্যই সংশ্লিষ্ট ফোনে থাকতে হবে। সিম খুলে ফেললে বা অন্য ফোনে ব্যবহার করলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। অর্থাৎ, নম্বর যাচাই শুধু একবার নয়—নিয়মিতভাবে সিমের উপস্থিতি যাচাই করা হবে।
কেন ফেব্রুয়ারিই শেষ সময়?
সরকার টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম কার্যকর করার জন্য ৯০ দিনের সময় দিয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। নতুন করে সময়সীমা বাড়ানো না হলে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই কঠোরভাবে কার্যকর হতে পারে এই নির্দেশিকা।
ডেস্কটপ ও মাল্টি-ডিভাইস ব্যবহারকারীদের সমস্যা
এতদিন ফোন ছাড়াও ল্যাপটপ বা ট্যাবলেটে নির্বিঘ্নে WhatsApp চালানো গেলেও, নতুন নিয়মে সেই সুবিধা বড় ধাক্কা খেতে পারে। জানা যাচ্ছে, ডেস্কটপ WhatsApp প্রতি ৬ ঘণ্টা অন্তর স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যেতে পারে। ফলে বারবার ফোনের সঙ্গে রি-লিঙ্ক করতেই হবে।

বিদেশে থাকা ব্যবহারকারীদের দুশ্চিন্তা
যাঁরা ভারতীয় নম্বর ব্যবহার করে বিদেশে থাকেন বা ইন্টারনেট কলিংয়ের মাধ্যমে WhatsApp চালান, তাঁদের জন্যও এই নিয়ম বড় সমস্যা তৈরি করতে পারে। ফোনে আসল সিম না থাকলে অ্যাকাউন্ট চালু রাখা কঠিন হয়ে যাবে।
সরকার কেন এত কড়া সিদ্ধান্ত নিল?
সরকারের যুক্তি, সাম্প্রতিক সময়ে WhatsApp-সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে প্রতারণার ঘটনা ভয়াবহ হারে বেড়েছে। ভুয়ো সিম, বিদেশে পাচার হওয়া ভারতীয় নম্বর ও অনলাইন কলিংয়ের মাধ্যমে জালিয়াতি চালানো হচ্ছে। সিম বাইন্ডিং চালু হলে এই ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রশাসনের।

সাধারণ ব্যবহারকারীদের উপর প্রভাব
এই নিয়ম কার্যকর হলে একাধিক ফোনে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা কার্যত অসম্ভব হয়ে উঠবে। অফিসের কাজে কম্পিউটারে WhatsApp ব্যবহারকারীদের বাড়বে ঝক্কি। তবে নিরাপত্তার দিক থেকে এটিকে বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সাইবার জালিয়াতি রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপে বাধ্যতামূলক হতে চলেছে ‘সিম বাইন্ডিং’। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম মানা না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ব্যবহারকারীদের হাতে সময় মাত্র ১৫ দিন।













