দিনের শুরু হোক বা সন্ধ্যার ক্লান্তি—এক কাপ চা বাঙালির নিত্যসঙ্গী। কিন্তু চা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কি টি-ব্যাগ ফেলে দেন? একটু থামুন। কারণ এই ব্যবহৃত টি-ব্যাগেই লুকিয়ে রয়েছে ত্বকের যত্ন, স্বাস্থ্য সুরক্ষা ও ঘর পরিষ্কারের একাধিক ঘরোয়া সমাধান। সামান্য বুদ্ধি খাটালেই ফেলে দেওয়া জিনিস হয়ে উঠতে পারে দারুণ উপকারী।
চোখের ক্লান্তি ও ফোলাভাব কমাতে টি-ব্যাগ
চা তৈরি হয়ে গেলে ব্যবহৃত এক বা দু’টি টি-ব্যাগ ফ্রিজে রেখে দিন। সারাদিনের কাজ শেষে চোখে ক্লান্তি, জ্বালা বা ফোলাভাব দেখা দিলে ঠান্ডা টি-ব্যাগ চোখের উপর আলতো করে রাখুন। চায়ের ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিড্যান্ট চোখের রক্তসঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে।
ডিটারজেন্ট ছাড়াই বাসন পরিষ্কার
যাঁদের সাবান বা ডিটারজেন্টে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁদের জন্য টি-ব্যাগ হতে পারে নিরাপদ বিকল্প। ব্যবহৃত টি-ব্যাগ দিয়ে বাসনের তেলচিটে অংশ ঘষলে দাগ সহজেই উঠে যায়। পাশাপাশি বাসনেও আলাদা ঝকঝকে ভাব আসে।
ছোটখাটো কাটা-ছেঁড়ায় প্রাকৃতিক উপশম
চায়ে থাকা অ্যান্টিসেপটিক ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান ক্ষতস্থানে কার্যকর। শরীরের কোথাও হালকা কেটে গেলে বা ছড়ে গেলে পরিষ্কার টি-ব্যাগ ক্ষতস্থানে কিছুক্ষণ চেপে ধরলে রক্তপাত কমে এবং জ্বালাভাবও হ্রাস পায়।
ব্রণর দাগ ও প্রদাহ কমাতে টি-ব্যাগ
ত্বক ভালোভাবে পরিষ্কার করার পর ব্রণ বা ব্রণর দাগের জায়গায় ঠান্ডা টি-ব্যাগ হালকা করে ঘষুন। চায়ের উপাদান ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ব্রণর দাগ হালকা হতে পারে।
দুর্গন্ধ দূর করার সহজ টোটকা
রান্নাঘরের মাছ-রসুনের গন্ধ, ফ্রিজের বাজে গন্ধ বা জুতোর ভেতরের দুর্গন্ধ—সব ক্ষেত্রেই শুকনো টি-ব্যাগ বেশ কার্যকর। নির্দিষ্ট জায়গায় একটি শুকনো টি-ব্যাগ রেখে দিন, ধীরে ধীরে দুর্গন্ধ অনেকটাই কমে যাবে।
ত্বককে সতেজ রাখতে কুলিং প্যাক
গরম বা ক্লান্ত দিনে মুখে সতেজ ভাব আনতে ফ্রিজে রাখা টি-ব্যাগ গালে বা কপালে কিছুক্ষণ রাখুন। এটি প্রাকৃতিক কুলিং প্যাকের মতো কাজ করে এবং ত্বককে দেয় আরাম।
চা খাওয়ার পর ব্যবহৃত টি-ব্যাগ সাধারণত আবর্জনাতেই ঠাঁই পায়। অথচ এই ফেলে দেওয়া টি-ব্যাগই হতে পারে ত্বকের ব্রণর দাগ কমানো থেকে চোখের ফোলাভাব, এমনকি ঘরের দুর্গন্ধ দূর করার ঘরোয়া টোটকা। জানুন ব্যবহৃত টি-ব্যাগের এমনই ৬টি কার্যকর ব্যবহার।













