যে ফল এক সময় শুধু আমদানির তালিকায় থাকত, সেই ব্লুবেরি এবার বাংলার মাটিতেই ফলানোর প্রস্তুতি। হার্টের অসুখ প্রতিরোধে কার্যকর ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর ব্লুবেরি এখন শুধু স্বাস্থ্যসচেতনদের পাতে নয়, চাষিদের জন্যও হয়ে উঠছে ‘সোনার ফসল’। উত্তরবঙ্গে এই নতুন ফলচাষে পথ দেখাচ্ছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়।

বিদেশি ফল, দেশি সম্ভাবনা
২০২২ সালের পর ভারতে ব্লুবেরি চাষ শুরু হলেও উত্তর-পূর্ব ভারতের বহু এলাকায় এখনও এই ফল তেমন পরিচিত নয়। তবে ধীরে ধীরে বদলাচ্ছে চিত্র। শিলিগুড়ি ও বাগডোগরা সংলগ্ন অঞ্চলে হাতে গোনা কয়েকটি দোকানে ব্লুবেরির বিক্রি শুরু হয়েছে, যা ভবিষ্যতের বাজার সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
উচ্চ বাজারদরেই চাষিদের আগ্রহ
বর্তমানে বাজারে ১০০ গ্রাম ব্লুবেরির দাম প্রায় ২৫০ টাকা। অর্থাৎ কেজি প্রতি দাম আড়াই হাজার টাকার কাছাকাছি। এই উচ্চ বাজারদরই ব্লুবেরিকে লাভজনক ফলচাষের তালিকায় তুলে ধরছে। অল্প জমিতে বেশি আয়ের সুযোগ থাকায় আগ্রহ বাড়ছে চাষিদের মধ্যে।

চাষে পথ দেখাচ্ছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়
এই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে এগিয়ে এসেছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের Centre of Floriculture and Agri-business Management (COFAM)। এখানে চাষিদের ব্লুবেরি চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা, খরচের হিসাব ও লাভের দিকগুলি হাতে-কলমে শেখানো হচ্ছে। পাশাপাশি ফলন হলে বিপণন ও বাজার সংযোগের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যের খনি ব্লুবেরি
শুধু অর্থনৈতিক দিক নয়, স্বাস্থ্যগত গুরুত্বেও ব্লুবেরি অনন্য। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। নিয়মিত ব্লুবেরি খেলে স্মৃতিশক্তি ভালো থাকে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিশেষ করে ইউরিন ইনফেকশন সংক্রান্ত সমস্যায় উপকারী বলে মনে করা হয়।

বিশেষজ্ঞের মত
COFAM-এর অধ্যাপক অমরেন্দ্র পান্ডের কথায়, “উত্তরবঙ্গের জলবায়ু ব্লুবেরি চাষের জন্য যথেষ্ট উপযোগী। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে অল্প জমিতেই ভালো আয় সম্ভব। এখন থেকেই চাষ শুরু করলে আগামী কয়েক বছরের মধ্যেই এর সুফল মিলবে।

একসময় বিদেশ নির্ভর ফল ব্লুবেরি এখন বাংলার মাটিতেই চাষের পথে। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই ফল হার্টের জন্য উপকারী হওয়ার পাশাপাশি কৃষকদের জন্য হয়ে উঠছে উচ্চ আয়ের সম্ভাবনাময় ফসল। উত্তরবঙ্গে ব্লুবেরি চাষে নতুন দিগন্ত খুলে দিচ্ছে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়।













