খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হয়েছে সংশোধনের গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্যায়ে কোনও ভুল বা অনিয়ম যাতে না থাকে, তা নিশ্চিত করতে মাইক্রো অবজ়ারভার নিয়োগের অনুমতি দিল নির্বাচন কমিশন। রাজ্যের CEO দপ্তরের আবেদনের পর শুক্রবার কমিশন এই বিষয়ে সবুজ সংকেত দেয়।
কেন প্রয়োজন মাইক্রো অবজ়ারভার?
ভোটার তালিকা সংশোধন একটি সংবেদনশীল প্রশাসনিক প্রক্রিয়া। নাম সংযোজন, বিয়োজন কিংবা তথ্য সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই মাইক্রো অবজ়ারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কারা হতে পারবেন মাইক্রো অবজ়ারভার?
কমিশনের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের গ্রুপ-বি বা তার ঊর্ধ্বতন স্তরের আধিকারিকদেরই মাইক্রো অবজ়ারভার হিসেবে নিয়োগ করা যাবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিকরাও এই দায়িত্বে থাকতে পারবেন।
কাকে রিপোর্ট করবেন তাঁরা?
ডেপুটেশনে কাজ করার সময় মাইক্রো অবজ়ারভারদের নিয়মিতভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর কাছে রিপোর্ট জমা দিতে হবে। নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ এবং কোন বিধানসভা কেন্দ্রে তাঁদের পাঠানো হবে—সব সিদ্ধান্ত নেবে রাজ্যের CEO দপ্তর।
বেতন কত পাবেন মাইক্রো অবজ়ারভাররা?
কমিশন সূত্রে জানা গিয়েছে, মাইক্রো অবজ়ারভারদের মাসিক পারিশ্রমিক হবে ৩০,০০০ টাকা। তবে রাজ্যে মোট কতজন মাইক্রো অবজ়ারভার নিয়োগ করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সংখ্যা জানানো হয়নি।

মাইক্রো অবজ়ারভারদের নির্দিষ্ট দায়িত্ব কী কী?
ভোটার তালিকা সংশোধনের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মাইক্রো অবজ়ারভাররা। এর মধ্যে রয়েছে—
BLO-দের আপলোড করা এনিউমারেশন ফর্মের তথ্য যাচাই
জন্ম ও মৃত্যুর রেজিস্টারের সঙ্গে ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখা
ERO/AERO-র জারি করা শুনানির নোটিস অনুযায়ী নথিপত্র পরীক্ষা
ভোটারদের দাবি ও আপত্তি সংক্রান্ত নথি যাচাই
শুনানির পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ
খসড়া থেকে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সময় অসঙ্গতি খুঁজে বের করা
পরিসংখ্যানগত বিশ্লেষণে স্পেশাল ও ইলেক্টোরাল রোল অবজ়ারভারদের সহায়তা করা
ডিউটির সময় কী সুবিধা পাবেন?
মাইক্রো অবজ়ারভাররা যে দপ্তরেই কর্মরত থাকুন না কেন, ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশের কাজে যুক্ত থাকার সময় তাঁদের অনুপস্থিতি ‘On Duty’ হিসেবে গণ্য করা হবে।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে মাইক্রো অবজ়ারভার নিয়োগে অনুমোদন দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সরকারের গ্রুপ-বি বা তার ঊর্ধ্বতন আধিকারিকদের এই দায়িত্বে নেওয়া হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, মাইক্রো অবজ়ারভারদের বেতন হবে মাসে ৩০ হাজার টাকা।










