অফিসের তাড়া কিংবা সময়ের অভাবে অনেকেই একসঙ্গে বেশি রান্না করে ফ্রিজে রেখে দেন। পরে প্রয়োজনমতো সেই খাবার বের করে মাইক্রোওয়েভ বা গ্যাসে গরম করে খেয়ে নেন। কিন্তু অনেক সময় দেখা যায়, গরম করার পর খাবারের স্বাদ আগের মতো থাকে না। বিশেষজ্ঞদের মতে, খাবার গরম করার সময় কিছু সাধারণ ভুলই এর জন্য দায়ী।
ফ্রিজ থেকে বের করেই গরম করা বড় ভুল
অনেকেই ফ্রিজ থেকে খাবার বের করে সঙ্গে সঙ্গেই মাইক্রোওয়েভে দিয়ে দেন। এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুইই ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, খাবার গরম করার অন্তত ১০-১৫ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখা উচিত। এতে খাবারের ঠান্ডা কিছুটা কমে যায় এবং গরম করার সময় তার স্বাদ বজায় থাকে।
সব খাবার একই তাপে গরম করা ঠিক নয়
ভাত, ডাল, পাস্তা বা গ্রিলড চিকেন—সব ধরনের খাবার একভাবে গরম করা ঠিক নয়। অনেকেই মাইক্রোওয়েভে একই তাপমাত্রায় সব খাবার গরম করেন। এতে অনেক সময় ভাত শক্ত হয়ে যায় বা পাস্তার স্বাদ নষ্ট হয়। তাই খাবারের ধরন অনুযায়ী কম বা মাঝারি তাপে গরম করা উচিত।
নাড়াচাড়া না করলে অসমানভাবে গরম হয়
মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় অনেকেই মাঝপথে নাড়াচাড়া করেন না। ফলে খাবারের কিছু অংশ বেশি গরম হয়, আবার কিছু অংশ ঠান্ডাই থেকে যায়। এই সমস্যা এড়াতে গরম করার সময় মাঝেমধ্যে খাবার নাড়িয়ে নেওয়া উচিত। এতে পুরো খাবার সমানভাবে গরম হবে।
বারবার গরম করা বিপজ্জনক
ফ্রিজে রাখা খাবার বারবার গরম করা স্বাস্থ্যকর নয়। এতে খাবারের স্বাদ নষ্ট হওয়ার পাশাপাশি পুষ্টিগুণও কমে যায়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু খাবারই ফ্রিজ থেকে বের করে গরম করা উচিত এবং সঙ্গে সঙ্গেই খেয়ে নেওয়া ভালো।
অনেকেই ব্যস্ত জীবনে আগেই রান্না করে ফ্রিজে খাবার রেখে দেন এবং পরে মাইক্রোওয়েভে গরম করে খান। তবে বিশেষজ্ঞদের মতে, খাবার গরম করার সময় কিছু সাধারণ ভুলের কারণে খাবারের স্বাদ যেমন নষ্ট হয়, তেমনই কমে যেতে পারে তার পুষ্টিগুণও। সঠিক পদ্ধতি মেনে খাবার গরম করলে এই সমস্যাগুলি এড়ানো সম্ভব।









