বিরিয়ানি—এই একটি নামেই বাঙালির মন ভরে যায়। কলকাতা, হায়দ্রাবাদ হোক বা ঢাকা—বিরিয়ানির স্বাদে আলাদা আলাদা পরিচয় গড়ে উঠেছে। তার মধ্যেই কাচ্চি বিরিয়ানি এক বিশেষ স্থান দখল করে রেখেছে খাদ্যরসিকদের হৃদয়ে। কিন্তু প্রশ্ন একটাই—এই কাচ্চি বিরিয়ানির ‘কাচ্চি’ শব্দের প্রকৃত অর্থ কী? কেনই বা এই নাম?
‘কাচ্চি’ শব্দের ভাষাগত উৎস
‘কাচ্চি’ শব্দটির উৎপত্তি উর্দু ও হিন্দি ভাষার ‘কাচ্চা’ শব্দ থেকে। বাংলায় যার অর্থ—কাঁচা। এখানে কাঁচা বলতে বোঝানো হচ্ছে সম্পূর্ণ কাঁচা মাংস, যা আগে সেদ্ধ বা ভাজা করা হয় না।
রান্নার পদ্ধতিতেই লুকিয়ে নামের রহস্য
কাচ্চি বিরিয়ানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল—কাঁচা খাসির মাংস সরাসরি সুগন্ধি চালের সঙ্গে একসঙ্গে রান্না করা। মাংস প্রথমে দই, মশলা ও মেওয়ায় মাখিয়ে নেওয়া হয়, তারপর তার উপর চালের স্তর দিয়ে ‘দম’ পদ্ধতিতে রান্না করা হয়। এই কাঁচা মাংস থেকেই এসেছে ‘কাচ্চি’ নামটি।
পাক্কি বিরিয়ানির সঙ্গে পার্থক্য কোথায়?
কাচ্চি বিরিয়ানির ঠিক উল্টো ধারার রান্না হল পাক্কি বিরিয়ানি। পাক্কি বিরিয়ানিতে আগে মাংস আলাদা করে সেদ্ধ বা রান্না করা হয়, তারপর চালের সঙ্গে মেশানো হয়। এই কারণেই কাচ্চি ও পাক্কি—দুটি বিরিয়ানির স্বাদ, গন্ধ ও টেক্সচারে স্পষ্ট পার্থক্য দেখা যায়।
ঢাকার গর্ব, দক্ষিণ এশিয়ার ঐতিহ্য
কাচ্চি বিরিয়ানি মূলত জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশের পুরনো ঢাকা অঞ্চল থেকে। বিয়ে, আকিকা, উৎসব কিংবা বড় অনুষ্ঠানে কাচ্চি বিরিয়ানি যেন অপরিহার্য। সময়ের সঙ্গে সঙ্গে এই বিরিয়ানি এখন কলকাতা সহ ভারতের নানা শহরের রেস্তোরাঁতেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।
বিরিয়ানি মানেই রাজকীয় স্বাদ, আর কাচ্চি বিরিয়ানি মানেই আলাদা আকর্ষণ। কিন্তু এই জনপ্রিয় খাবারের নামের সঙ্গে জুড়ে থাকা ‘কাচ্চি’ শব্দের প্রকৃত অর্থ কী? শুধু স্বাদের নয়, রান্নার পদ্ধতির সঙ্গেই জড়িয়ে রয়েছে এই নামের ইতিহাস। জানুন কাচ্চি বিরিয়ানির নামকরণের আসল রহস্য।













