আজকের দ্রুতগতির জীবনে একাকীত্ব যেন নিত্যসঙ্গী। সেই শূন্যতা পূরণ করতে অনেকেই তাড়াহুড়ো করে কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু প্রশ্ন হল—আপনি কি সত্যিই একজন মানুষকে চাইছেন, নাকি শুধু তাঁর দেওয়া ‘অ্যাটেনশন’-টাই প্রয়োজন? মনোবিদদের মতে, এই বিভ্রান্তিই বহু সম্পর্কের ভাঙনের মূল কারণ।
অ্যাটেনশন না ভালোবাসা—আপনি আসলে কী খুঁজছেন?
অনেক সময় দেখা যায়, মানুষটির ব্যক্তিত্ব বা মূল্যবোধের চেয়ে তিনি কতটা সময় দিচ্ছেন, কতবার ফোন বা মেসেজ করছেন—সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন ‘কেউ একজন পাশে আছে’ এই অনুভূতিটাই মুখ্য হয়ে দাঁড়ায়। এর ফলেই সম্পর্কের রেড ফ্ল্যাগগুলো চোখ এড়িয়ে যায়।
একাকীত্ব থেকে সম্পর্কে যাওয়ার ঝুঁকি কোথায়?
মনোবিদদের মতে, শুধুমাত্র একা থাকার ভয় থেকে সম্পর্কে গেলে আবেগীয় নির্ভরতা তৈরি হয়। তখন নিজের প্রয়োজন, পছন্দ বা আদর্শ বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা শুরু হয়। পরবর্তীতে এই সম্পর্ক মানসিক চাপ ও হতাশার কারণ হয়ে দাঁড়ায়।
মানসিক ভাবে প্রস্তুত কি না বুঝবেন কীভাবে?
যদি আপনি একা ক্যাফেতে বসে কফি খেতে পারেন, একা সিনেমা দেখে আনন্দ পান কিংবা নিজের সঙ্গে সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করেন—তাহলেই ধরে নিতে পারেন আপনি মানসিক ভাবে প্রস্তুত। তখন সম্পর্ক হবে আনন্দ ভাগ করে নেওয়ার জায়গা, শূন্যতা ঢাকার উপায় নয়।
সম্পর্কে যাওয়ার আগে যে বিষয়গুলো মনে রাখবেন
বাছবিচার না করে যে কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না
কেবল উপস্থিতির জন্য নিজের আদর্শ বিসর্জন দেবেন না
ফাঁকা সময় মানেই অস্বস্তি—এই ভাবনা থেকে বেরোন
মেসেজের সংখ্যার চেয়ে মানুষের কথাবার্তা ও আচরণকে গুরুত্ব দিন
একাকীত্ব সামলানোর স্বাস্থ্যকর উপায়
বিশেষজ্ঞদের পরামর্শ, একাকীত্ব অনুভব করলে নিজেকে একটু সময় দিন। নতুন কোনও দক্ষতা শিখুন, শরীরচর্চা করুন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়ান। সঙ্গী খোঁজার আগে ভালো বন্ধু তৈরি করা জরুরি, যাতে আবেগীয় নির্ভরতা কেবল একজনের ওপর কেন্দ্রীভূত না হয়।
ডেটিং অ্যাপ ও হুকআপ কালচারের যুগে অনেকেই না বুঝেই সম্পর্কে জড়িয়ে পড়ছেন। কিন্তু সত্যিকারের ভালোবাসা আর শুধুই একাকীত্ব ঢাকতে চাওয়ার মধ্যে পার্থক্য না বুঝলে ভবিষ্যতে মানসিক যন্ত্রণা অনিবার্য। মনোবিদরা জানাচ্ছেন, সম্পর্কের আগে মানসিক প্রস্তুতিই সবচেয়ে জরুরি।













