বর্ষাকালে কখন আকাশ পরিষ্কার থেকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামবে, তা বলা কঠিন। তাই ছাতার পাশাপাশি অনেকেই ব্যাগে বা বাইকে রেনকোট রাখেন। বিশেষ করে বাইক চালানো, বাজার করা কিংবা দীর্ঘক্ষণ বাইরে থাকার সময় রেনকোট বৃষ্টির জল থেকে শরীর ও পোশাককে সুরক্ষিত রাখে। কিন্তু নিয়মিত ব্যবহারের কয়েক দিনের মধ্যেই যদি রেনকোটের ফেব্রিক ফেটে যায় বা জল ঢুকতে শুরু করে, তার জন্য সবসময় রেনকোটের মান দায়ী নয়। অনেক সময় ভুলভাবে ভাঁজ ও সংরক্ষণ করলেও এমনটা হতে পারে।
ভেজা রেনকোট কখনও গুটিয়ে রাখবেন না
বৃষ্টিতে ভিজে যাওয়ার পর রেনকোট ব্যাগে ঢুকিয়ে রেখে দেওয়াই সবচেয়ে বড় ভুলগুলির একটি। ভেজা অবস্থায় গুটিয়ে রাখলে ভিতরে আর্দ্রতা আটকে যায়। এর ফলে দুর্গন্ধ বা ছত্রাকের সমস্যা তৈরি হতে পারে এবং দীর্ঘদিনে ফেব্রিকও ক্ষতিগ্রস্ত হতে পারে।তাই ব্যবহারের পর প্রথমে রেনকোট পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিন। পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত সেটি ভাঁজ করবেন না।
রেনকোট ভাঁজ করার সঠিক পদ্ধতি কী?
রেনকোট সম্পূর্ণ শুকিয়ে গেলে সমতল জায়গায় সেটি বিছিয়ে নিন। এরপর জিপার বা বোতাম ভালোভাবে লাগিয়ে দিন।
তারপর—
দুই হাতা পিঠের দিকে ভাঁজ করে মাঝ বরাবর সোজা করে রাখুন।
রেনকোটের দুই পাশ সমানভাবে মাঝের দিকে ভাঁজ করুন।
এতে রেনকোটটি লম্বা ও সরু আকার নেবে।
এবার নীচের দিক থেকে ধীরে ধীরে কলার বা হুডের দিকে রোল করুন।
রোল করার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না।
শক্ত করে গোটাবেন না
রেনকোটকে যত বেশি শক্ত করে গোটানো হবে, তত বেশি চাপ পড়তে পারে ওয়াটারপ্রুফ ফেব্রিকের উপর। বিশেষ করে প্লাস্টিক-জাতীয় উপাদান থাকা রেনকোটে অতিরিক্ত চাপ বা বারবার একই জায়গায় ভাঁজ করার ফলে সময়ের সঙ্গে ফাটল তৈরি হতে পারে।তাই রেনকোট গোটানোর সময় হালকা হাতে কাজ করুন। খুব ছোট করে ঢোকানোর জন্য জোর করে চাপ দেবেন না।
প্যাকেবল রেনকোট হলে কোথায় রাখবেন?
অনেক রেনকোটের সঙ্গে আলাদা পাউচ বা স্টোরেজ ব্যাগ থাকে। রেনকোট গুটিয়ে নেওয়ার পর সেটি সেই পাউচে রাখা সবচেয়ে সুবিধাজনককিছু প্যাকেবল রেনকোটে আবার হুডের ভিতরেই রেনকোট রাখার ব্যবস্থা থাকে। সে ক্ষেত্রে প্রস্তুতকারকের দেওয়া পদ্ধতি অনুসরণ করাই ভালো।
দীর্ঘদিন ভালো রাখতে এই ভুলগুলি এড়ান
রেনকোট যাতে দ্রুত নষ্ট না হয়, সেজন্য কয়েকটি বিষয় মনে রাখুন—
ভেজা অবস্থায় কখনও রেনকোট গুটিয়ে রাখবেন না।
অতিরিক্ত শক্ত করে ভাঁজ বা রোল করবেন না।
একই জায়গায় বারবার গভীর ভাঁজ তৈরি করবেন না।
নোংরা বা কাদা লেগে থাকলে পরিষ্কার না করে সংরক্ষণ করবেন না।
আর্দ্র জায়গায় দীর্ঘদিন রেনকোট ফেলে রাখবেন না।
পরিষ্কার করার পর পুরোপুরি শুকিয়ে তবেই স্টোর করুন।
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই দীর্ঘদিন ব্যবহারের চাবিকাঠি
রেনকোট নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। ব্যবহারের পর ময়লা বা কাদা থাকলে তা পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর আর্দ্রতামুক্ত অবস্থায় সংরক্ষণ করুন।এতে দুর্গন্ধ ও ছত্রাকের সম্ভাবনা কমবে এবং রেনকোটের ফেব্রিকও তুলনামূলক ভালো থাকবে।
বর্ষাকালে নিয়মিত রেনকোট ব্যবহার করার পর সঠিকভাবে ভাঁজ ও সংরক্ষণ না করলে প্লাস্টিক বা ওয়াটারপ্রুফ ফেব্রিক দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। ভেজা অবস্থায় গুটিয়ে রাখা, অতিরিক্ত চাপ দিয়ে ভাঁজ করা কিংবা আর্দ্র জায়গায় রাখার মতো ভুলে রেনকোটে ফাটল, দুর্গন্ধ বা ছত্রাকের সমস্যা দেখা দিতে পারে। তাই ব্যবহারের পর কীভাবে পরিষ্কার, শুকনো এবং সঠিকভাবে ভাঁজ করে রাখবেন, জেনে নিন সহজ কিছু টিপস।













