পুজোর আবহে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী, রবি ও সোমে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণে লালবাজার

Prime Minister Narendra Modi Kolkata Visit 2025: ১৪ ও ১৫ সেপ্টেম্বর মোদীর সফর উপলক্ষে শহরে একাধিক রাস্তায় কড়া ট্রাফিক বিধিনিষেধ। কোন কোন রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ও কতক্ষণ, জেনে নিন বিস্তারিত।

দুর্গাপুজোর ঠিক আগে ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:  আগামী ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে আয়োজিত ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধন করবেন তিনি। এই সফর ঘিরে রবিবার ও সোমবার দুই দিনই শহরের নানা রাস্তায় কড়া ট্রাফিক বিধিনিষেধ জারি করতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার।

দু’দিনই কড়া বিধিনিষেধ

শুধু সোমবার নয়, মোদীর সফরের কারণে রবিবারও ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি করা হবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, ১৪ সেপ্টেম্বর দুপুর থেকে এবং ১৫ সেপ্টেম্বর সকাল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

রবিবারের ট্রাফিক নিয়ন্ত্রণ (১৪ সেপ্টেম্বর)

দুপুর ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে ভিআইপি রোড, উল্টোডাঙা নিউ ফ্লাইওভার থেকে ইএম বাইপাস পর্যন্ত পথ।রাজভবনের দক্ষিণ গেট থেকে রেড রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে মা উড়ালপুল পর্যন্ত রাস্তায় কোনও পণ্যবাহী গাড়ি চলবে না।এজেসি বোস উড়ালপুল থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্তও একই নিয়ম কার্যকর হবে।

সোমবারের ট্রাফিক নিয়ন্ত্রণ (১৫ সেপ্টেম্বর)

সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ গেট থেকে রেড রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেট পর্যন্ত রাস্তায় ভারী যান প্রবেশ নিষিদ্ধ।খিদিরপুর রোডেও একই বিধিনিষেধ বলবৎ থাকবে।

দীর্ঘমেয়াদি বিধিনিষেধ

১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত রাজভবন সংলগ্ন এলাকায় কোনও ধরনের ভারী যান প্রবেশ করতে পারবে না।১৪ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে বিবিডি বাগ সাউথ ক্রসিং পর্যন্ত রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে।

বিকল্প রুটে চলবে গাড়ি

ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, প্রয়োজনে সময়সীমা বাড়তে পারে। পাশাপাশি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে সাধারণ যানবাহন। তবে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক পরিবর্তন আসতে পারে।

পুজোর আগে এই সফরে বাড়তি নিরাপত্তা ঘিরে শহরে ব্যাপক যান নিয়ন্ত্রণে নামছে কলকাতা পুলিশ। রবিবার ও সোমবার যাতায়াতের আগে নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে লালবাজার।

Leave a comment